
কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান কেসিভিএন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থী বিদায়ী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাগোয়ান কেসিভিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম টমের সভাপতিত্বে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, কেসিভিএন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব, ম্যানেজিং কমিটির সদস্য মখলেছুর রহমান, সদস্য ওয়াবাইল হক, রিতা ইসলাম, ইনডিপেনডেন্ট টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি মিলন উল্লাহ, দৌলতপুর প্রেসক্লাব ডিপিসির সভাপতি আব্দুল আলিম সাচ্ছু, সাধারণ সম্পাদক ফিরোজ কাইছার প্রমুখসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন শিক্ষক আনারুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাজী রাশেদুল ইসলাম বিপ্লব বলেন, দৌলতপুরে জননেতা আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্ এমপির হাত ধরে কালের পরিক্রমায় এগিয়ে যাচ্ছে ৮০ বছরের ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান বাগোয়ান (ক্ষীরোদ চন্দ্র বিদ্যা নিকেতন) কেসিভিএন মাধ্যমিক বিদ্যালয়। তিনি বলেন, তোমাদের শিক্ষার আলোয় আলোকিত হয়ে উঠতে হবে। সুন্দর মানুষ হতে গেলে শিক্ষার আলোয় আলোকিত হয়ে উঠার কোনো বিকল্প নেই। শিক্ষা অর্জনের মাধ্যমে সমাজের পরিবর্তন ঘটাতে হবে। শিক্ষা থাকলে শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও মানবিক গুণাবলি গড়ে তুলতে সাহায্য করে। এসময় তিনি আসন্ন এসএসসি পরীক্ষায় যাতে করে সুস্থ শরীরে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফলাফল করতে পারে সেই জন্য শিক্ষকদের শিক্ষার্থীদের উপর বিশেষ নজর রাখতে বলেন । উল্লেখ্য, দৌলতপুর উপজেলায় কেসিভিএন মাধ্যমিক বিদ্যালয় পড়ালেখা, ক্রীড়া ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে সবার হাতে হাতে তুলে দেওয়া হয় পরীক্ষা উপকরণ ও রাশেদুল ইসলামের লেখা ‘ বিশ্বসভায় মাদার অব হিউম্যানিটি শেখ হাসিনা ‘ গ্রন্থটি।

























