
চন্দন মিত্র, দিনাজপুরঃ “টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগন্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসক ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা মেঘনা ও শিশু উন্নয়ন সংস্থার সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখ সড়কে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মেঘনা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আলেয়া বেগম এর নেতৃত্বে সদস্যরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। এসময় মহিলা বিষয়ক অধিপ্তর দিনাজপুরের উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খান, ডে-কেয়ার অফিসার রেজভীন সারমিনাজ, বিশিষ্ট কবি সাহিত্যিক মেনহাজ পারভীন বলেন, নারীদের উপর হওয়া বৈষম্য নির্যাতনের বিরুদ্ধে করা প্রতিবাদে নারীদের জাগ্রত করাই নারী দিবস পালনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। নীরবতা ভেঙ্গে জাগো- আগাও বাল্য বিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে নারীদের। নারীর প্রতি অবমাননাকর কার্যক্রম ও আচরন বন্ধ করতে হবে। যেখানে বাল্য বিবাহ ও নির্যাতন সেখানেই প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। মেঘনা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আলেয়া বেগম বলেন, ১৮৫৭ সালের ৮ মার্চ নিউইয়র্কের সূতা কারখানায় কর্মরত নারী শ্রমিকরা আন্দোলনে নামতে বাধ্য হয়। সেদিন বেতন বৈষম্য, নির্দিষ্ট কর্মঘন্টা আর কাজের বৈরি পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নারীরা একজোট হলে তাদের উপর কারখানার মালিকেরা হামলা চালায়। সেই থেকে আন্তর্জাতিকভাবে সারাবিশ্বে নারী দিবস পালিত হয়ে আসছে।

























