
পাবনা প্রতিনিধি, গড়াইনিউজ২৪.কম:: পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ আব্দুল্লাহ আহসান মারুফ (৩৫) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-১২। আজ রোববার সকালে উপজেলার রূপপুর মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত সন্ত্রাসী মারুফ কুষ্টিয়া জেলার আড়–য়া পাড়া আব্দুল জব্বার রোড এলাকার জালাল উদ্দিন মোল্লার ছেলে বলে জানা যায়। র্যাব-১২ পাবনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে ঈশ্বরদী রূপপুর মোড় এলাকায় সন্ত্রাসী কর্যক্রম পরিচালনা করার উদ্দেশ্যে অস্ত্র সহ এক সন্ত্রাসী অবস্থান করছে। এমন সংবাদের পর র্যাবের এ্যাডিশনাল এসপি বীণা রানী দাস এর নেতৃত্বে একটি অভিযানিক দল সেখানে অভিযান চালায়। অভিযানে সন্ত্রাসী মারুফকে আটক করা হয় এবং তার নিকট হতে ১টি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন ও ২টি মোবাইল ফোন (সিম কার্ড)সহ উদ্ধার করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা যায়। বিকেলে ঈশ্বরদী থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

























