নায়িকা পরীমণিকে অপহরণের চেষ্টা

0
4339

গড়াইনিউজ২৪: কক্সবাজারে সিনেমার শুটিং চলার সময় জনপ্রিয় নায়িকা পরীমণিকে অপহরণের চেষ্টা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে। আটককৃতরা হলেন, কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার মৌলভীপাড়ার হামিদুল হক ওরফে হামিদ (২৪), রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের মুসলিমাবাদ এলাকার কাউসার আলমগীর ওরফে আরাফাত (২৭) ও কোলাপাড়া টুলটুলি এলাকার সজীব ভুইয়া ওরফে সেলিম (২৭)। জাজ মাল্টিমিডিয়ার প্রোডাকশন ম্যানেজার মোহাম্মদ উজ্জ্বল জানিয়েছেন, জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ‘রক্ত’ ছবির শুটিং চলছিল মিঠাছড়ির অ্যামিউজমেন্ট ক্লাবের শুটিং স্পটে। এখানে বিশাল করে মেলার একটি সেট তৈরি করা হয়। দিনব্যাপী চলে টানা শুটিং। রাতেও ক্যামেরা অন হয়। কিন্তু বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শুটিংয়ের শেষ পর্যায়ে একদল দুর্বৃত্ত অতর্কিতে হানা দেয়। এ সময় নায়িকা পরীমণিকে অপহরণের চেষ্টা করা হয়। এ হামলায় শুটিং ইউনিটের এক নারী সদস্যসহ তিনজন আহত হয়েছেন। তবে পরীমণি অক্ষত রয়েছেন। এদিকে পরীমণি গতকাল জানান, ঘাবড়ানোর কিছু নেই। এই মুহূর্তে আমরা ভালো আছি। টানা শুটিং চলছে।