
গড়াইনিউজ২৪.কম:: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপি জঙ্গিদের রক্ষা করার জন্য জাতীয় ঐক্য চায়। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘দেশে যারা সন্ত্রাস ও জঙ্গিবাদ তৈরি করেছে তাদের সঙ্গে ঐক্য করে কোন লাভ হবে না।’ বিএনপির প্রত্যক্ষ ও পরোক্ষ পৃষ্ঠপোষকতায় দেশের বেশির ভাগ উগ্রপন্থী ধর্মীয় রাজনৈতিক দল গড়ে উঠেছে উল্লেখ করে হানিফ বলেন, ‘জঙ্গিবাদী শক্তিকে রক্ষা করার জন্যই বিএনপি জাতীয় ঐক্যের কথা বলে থাকে।’ মাহবুব-উল-আলম হানিফ আজ শুক্রবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে ইউনাইটেড ইসলামিক পার্টির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ইউনাইটেড ইসলামিক পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাঈল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। মাহবুব-উল-আলম হানিফ বলেন, জঙ্গিবাদ দমনে বিএনপির বক্তব্যের মাধ্যমে প্রমাণ হয় যে জঙ্গিবাদী শক্তির সঙ্গে তাদের যোগসাজশ রয়েছে।-বাসস।






















