
কুষ্টিয়া প্রতিনিধি, গড়াইনিউজ২৪.কম::: কুষ্টিয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধের ঘটনায় টুলু মোল্লা (৩৩) নামের এক জেএমবি সদস্য নিহত হয়েছে। সোমবার ভোররাত ৩টার দিকে সদর উপজেলার কবুরহাট এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় একটি বিদেশী পিস্তল, ২রাউন্ড পিস্তলের গুলি, গুলির খোসা ও ৩টি চাপাতি উদ্ধার করা হয়। এ ঘটনায় কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই হালিম ও এএসআই আনোয়ারসহ ৫সদস্য আহত হয়েছে। নিহত টুলু মোল্লা সদর উপজেলার খাজানগর এলাকার কান্দু মোল্লার ছেলে। কুষ্টিয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার নুর ই আলম সিদ্দিকী জানান, সোমবার ভোর তিনটার দিকে সদর উপজেলার কবুরহাট এলাকার সোবহান মিয়ার পরিত্যক্ত চাতালের কাছে জেএমবির সদস্যরা নাশকতা করার লক্ষ্যে গোপন বৈঠক করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের (ডিবি) ও কুষ্টিয়া মডেল থানা পুলিশ অভিযান চালায়। এসময় তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় পুলিশ ও পাল্টা গুলি ছোঁড়ে। পরে একপর্যায়ে এক জেএমবি সদস্যকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, ২রাউন্ড পিস্তলের গুলি, গুলির খোসা ও ৩টি চাপাতি উদ্ধার করা হয়। এ ঘটনায় কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই হালিম ও এএসআই আনোয়ারসহ ৫সদস্য আহত হয় বলেও জানান তিনি। এদিকে আজ সোমবার সকাল ১১টায় কুষ্টিয়া পুলিশ লাইনে এ বিষয়ে খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনির-উজ্জামান সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করবেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এলাকাবাসীরা জানায়, ৩-৪ মাস ধরে খাজানগর এলাকা থেকে ঈশ্বরদীতে চলে যায়। পরে বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিলো।

























