
নিজস্ব প্রতিনিধি,গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া পৌরসভার মেয়র ও কতিপয় কর্মকর্তার বিরুদ্ধে অব্যাহত অনিয়ম দূর্নীতি এবং স্বজনপ্রীতির অভিযোগ এনে মাসিক মিটিং বয়কট করে ২০ জন কাউন্সিলর সংবাদ সম্মেলন করেছেন। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে কুষ্টিয়া শহরের শাপলা চত্ত¡রে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে ২০ কাউন্সিলরের পক্ষে বক্তব্য রাখেন কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র মতিয়ার রহমান মজনু। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অন্য কাউন্সিলররাও বক্তব্য তুলে ধরেন।
কুষ্টিয়া পৌরসভার ২৮ জন কাউন্সিলরের মধ্যে ২০জন কাউন্সিলর অভিযোগ করে বলেন, পৌরসভার মেয়র আনোয়ার আলী কতিপয় কর্মকর্তাদের সাথে নিয়ে বিভিন্ন কাজে কমিশন নেওয়া, বহুতল ভবন ও মার্কেট নির্মান, খাজনা আদায়, জমি পরিমাপ ও টিউবওয়েল স্থাপন, টেন্ডারবিহীন লক্ষ লক্ষ টাকার ষ্টেশনারী মালামাল, ইলেক্ট্রিক যন্ত্রাংশ খরিদসহ বিভিন্ন কাজে অব্যাহতভাবে অনিয়ম করে আসছেন।
এর প্রতিবাদ করেও কোন প্রতিকার না হওয়ায় আজ মোট ২৮ জনের মধ্যে ২০ জন কাউন্সিলর পৌরসভার পূর্ব নির্ধারিত মাসিক মিটিং বয়কট করেন। তাৎক্ষনিকভাবে তারা কুষ্টিয়া এসে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তারা বলেন এর পরেও প্রতিকার না হলে তারা মেয়রের বিরুদ্ধে অনাস্থা আনাসহ কঠোর কর্মসূচীর ঘোষনা দিবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র মতিয়ার রহমান মজনু তার বক্তব্যে বলেন, আমরা জনপ্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পালনে আমরা মেয়রের কাছ থেকে কোন রকম সাহায্য সহযোগিতা পাচ্ছি না । কুষ্টিয়া পৌরসভা আজ দূর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। আমরা ঐতিহ্যবাহী কুষ্টিয়া পৌরসভার সম্মান রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করে যাবো । বিষয়টি নিয়ে তারা সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

























