নদী ড্রেজিংয়ে দুই হাজার কোটি টাকা চেয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়

0
2419

গড়াইনিউজ২৪:: গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা নদী বাহিত পলি দিয়ে এ দেশ গঠিত। প্রতি বছর দেশে প্রায় ১ দশমিক ২০ বিলিয়ন টন পলি বাহিত হয়। যার অধিকাংশই জমা হয় দেশের নদ-নদীর তলদেশে। পলি জমা হয়ে এসব নদী ভরাট হয়ে যাচ্ছে এবং নাব্যতা হারাচ্ছে। এ পরিস্থিতিতে নদীসমূহের নাব্যতা রক্ষার্থে ড্রেজিং কার্যক্রমকে গুরুত্ত্ব দিয়ে অতিরিক্ত দুই হাজার কোটি টাকা চেয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। পানি সম্পদ মন্ত্রী আনিসুল  ইসলাম মাহমুদ এ ব্যাপারে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বরাবর চিঠি দিয়েছেন। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। চিঠিতে পানি সম্পদ মন্ত্রী আনিসুল  ইসলাম মাহমুদ উল্লেখ করেন, নদী তীর সংরক্ষণ মূলক প্রকল্পে ড্রেজিংয়ে অন্তত ৫০ শতাংশ  অর্থ বরাদ্দ রাখার সিদ্ধান্ত হয়েছে। এই বিষয়ে প্রধানমন্ত্রী নদীশাসন ও নদী ড্রেজিংকে পৃথক বিষয় বিবেচনা করে কার্যক্রম পরিচালনা করার নির্দেশনা দিয়েছেন।অন্যদিকে পানি সম্পদ মন্ত্রণালয় সূত্র জানায়, ২০১৬-১৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ৬৬টি প্রকল্পের অনুকূলে ৩ হাজার ৭০৮ কোটি ৭৯ লাখ টাকা বরাদ্দ রয়েছে যা চাহিদার তুলনায় অপ্রতুল। উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) চাহিদা অনুযায়ী এডিপিতে বরাদ্দ না পাওয়ার কারণে প্রকল্পের সময়ও বাড়াতে হয়। তাছাড়া, ৫৬৭টি অনুমোদিত প্রকল্পের তালিকা এডিপিতে রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রকল্প চলতি বছরেই অনুমোদিত। এ পরিস্থিতিতে মন্ত্রণালয়ের বিদ্যমান উন্নয়ন বাজেট থেকে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ড্রেজিংয়ে ৫০ শতাংশ অর্থ বরাদ্দ রাখা সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতিতে ড্রেজিংয়ে ৫০ শতাংশ বরাদ্দ রাখার জন্য বাড়তি অর্থের প্রয়োজন। এজন্য চলতি বছরে পানি সম্পদ মন্ত্রণালয়ের কমপক্ষে অতিরিক্ত দুই হাজার কোটি টাকার প্রয়োজন। তাই পানি সম্পদ মন্ত্রণালয় থেকে এ চিঠি দেয়া হয়।