নৌকার বিজয় নিশ্চিত করতে সকলকে মিলেমিশে কাজ করতে হবে : ভূমি মন্ত্রী

0
2677

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা, গড়াইনিউজ২৪.কম:: ঈশ্বরদী আওয়ামীলীগ অফিসে পৌর আওয়ামীলীগের বর্ধিত সভায় ভাষাসৈনিক, বীরমুক্তিযোদ্ধা, পাবনা জেলা আওয়ামীলীগের সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, দ্বিধাবিভক্ত না হয়ে সবাইকে মিলে মিশে একসাথে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। পৌর আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভূমিমন্ত্রী।  শনিবার ঈশ্বরদী আওয়ামীলীগ অফিসে পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টুর সভাপতিত্বে এসময় পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইসাহক আলী মালিথাসহ স্থানীয় পৌর আওয়ামীলীগের ঊর্ধ্বতন নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। একই মঞ্চে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এবং তার জামাতা পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু পাশাপাশি বসেছিলেন। সাম্প্রতিক ঘটনাবলীর পর এই সভা ঘিরে কর্মীদের মধ্যে আগ্রহ ছিল বেশি। সভায় ৯টি ওয়ার্ডের সভাপতি/সাধারন সম্পাদকসহ পৌর কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রায় সকল বক্তাই সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন বিষয়ের গঠনমূলক সমালোচনা করেন। সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি শামসুর রহমান শরীফ মনোযোগ দিয়ে সকলের কথা শোনেন। তিনি তার বক্তব্যে সকলকে ধৈর্য ধরে দলকে ঐক্যবদ্ধ রাখার আহ্বান জানান। পৌর কমিটির নেতৃবৃন্দকে কিভাবে সবকিছু স্বাভাবিক করা যায় সেই ব্যাপারে একটি পরামর্শ আগামী শুক্রবার তার কাছে উপস্থাপনের জন্য নির্দেশ দেন। সভা পরিচালনা করেন পৌর কমিটির সাধারণ সম্পাদক ইসাহাক আলী মালিথা। রূপপুর পারমাণবিক প্রকল্প, শহরে ২টি বাড়ি ও ৩টি দোকান ভাঙচুরের ঘটনাসহ বিভিন্ন ব্যাপারে নেতৃবৃন্দের তীব্র সমালোচনা করেন আলোচকরা। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামীলীগের একাধিক নেতা বলেছেন, ঈশ্বরদীতে দলীয় কোনো সভায় এ ধরনের সমালোচনা-আত্মসমালোচনা করতে দেয়ার ঘটনা এটাই প্রথম।