কুষ্টিয়ায় দুই সাংবাদিকের মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন

0
1542

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়ায় দুই সংবাদিকের নামে আইসিটি আইনের ৫৭ ধারায় দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় হরিপুর বাজারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। হাটশ-হরিপুর ইউনিয়নবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে এলাকার কয়েকশ নারীপুরুষ অংশগ্রহণ করে। মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক মেম্বার সরোয়ার হোসেন, স্কুল শিক্ষক আব্দুর রাজ্জাক, হাই স্কুলের শিক্ষক বজলুর রহমান, ব্যবসায়ী আব্দুল আজিজ ও সাংবাদিক কাইউম হোসেন প্রমূখ। এসময় বক্তারা বলেন, কোন প্রমাণ ছাড়াই শুধুমাত্র হয়রানি করতে গণমাধ্যম কর্মীদের স্পর্শকাতর এই মামলার আসামী করা হয়েছে। অবিলম্বে দুই সাংবাদিকের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচীর হুশিয়ারী দেন বক্তারা। গত ৯ মে আইসিটি আইনের ৫৭ ধারায় দায়ের করা মামলায় কুষ্টিয়ার দুই সাংবাদিকের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন কুষ্টিয়ার অতিরিক্ত চীফ জুডিশিয়ায় ম্যাজিষ্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মোঃ মেজবাউল হক। সাংবাদিকরা হলেন বাংলাভিশন, বিডি নিউজ ২৪.কম ও বণিক বার্তার কুষ্টিয়া জেলা প্রতিনিধি এবং কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাচিত দপ্তর সম্পাদক হাসান আলী ও স্থানীয় কুষ্টিয়া দর্পণ পত্রিকার স্টাফ রিপোর্টার কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্য আসলাম আলী।

উল্লেখ্য, গত ৩০ মার্চ দুপুরে কুষ্টিয়া মডেল থানা পুলিশের এসআই আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্স নিয়ে অফিসে কর্মরত অবস্থায় যমুনা টেলিভিশন ও দৈনিক মানবকন্ঠের কুষ্টিয়া প্রতিনিধি মওদুদ রানা, বাংলা ভিশন-বণিক বার্তা ও বিডি নিউজ টয়েন্টি ফোর ডটকম’র কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলী এবং কুষ্টিয়া স্থানীয় দৈনিক কুষ্টিয়া দর্পন পত্রিকার স্টাফ রিপোর্টার আসলাম আলীকে থানায় নিয়ে এসে প্রায় দুই ঘন্টারও বেশি সময় আটক করে রাখে। পরবর্তীতে আটক তিন গণমাধ্যম কর্মীকে পুলিশ ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ওই তিন সাংবাদিকের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা গ্রহণ করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী গ্রেফতারকৃত এক চায়ের দোকানের কর্মচারী মিরাজুল ইসলাম মিরাজের স্বীকারোক্তি অনুযায়ী সাংবাদিকদের এই মামলার আসামী করা হয়েছে।