
রাজবাড়ী প্রতিনিধি, গড়াইনিউজ২৪.কম:: রাজবাড়ীর পাংশা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসায়ীরা রাজত্ব করে আসলেও দেখার কেউ নেই। পাংশা উপজেলার বাবুপাড়া ইউপির বউবাজার, ভট্টাচার্য্যপাড়া, পাংশা পৌর এলাকার কৃষি ফার্মের পুকুর পাড়ে, পাংশা স্টেশনের পানির ট্যাংক, পারনারায়নপুর, সরদার বাসস্ট্যান্ড ও মাগুড়াডাঙ্গী এলাকার প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসায়ীরা নির্বিঘে মাদক ব্যবসা করে আসছে। মাঝে মধ্যে দুই একজন মাদক ব্যবসায়ী ধরা পড়লেও কিছুদিন পর জামিনে মুক্তি নিয়ে আবার পূর্বের ন্যায় ব্যবসা করে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান সন্ধ্যার পরপরই এলাকার বিভিন্ন মোড় ও রাস্তায় রাস্তায় মাদক বিক্রি চলছে অবাধে। এতে করে যুবসমাজ ধাবিত হচ্ছে ধ্বংসের দিকে। মাদকের নেশার টাকা জোগাতে কেউ কেউ চুরি, ছিনতাই ও চাঁদাবাজি বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পড়ছে। সাধারণ মানুষ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের দাবি জরুরী ভিত্তিতে এসব এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষা করা প্রয়োজন।

























