
আবু রায়হান (বর্ষন),শরীয়তপুর থেকে, গড়াইনিউজ২৪.কম:: প্রায় ১৩ বছর পর নির্বাচন হচ্ছে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ও আলাওলপুর ইউনিয়নে। সীমানা সংক্রান্ত জটিলতার কারণে উচ্চ আদালতে মামলা থাকায় নির্বাচন হয়নি ওই ২ ইউনিয়নে। তবে সকল জটিলতা কাটিয়ে সোমবার নির্বাচন কমিশন এই দুই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠানের জন্য তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৬ অক্টোবর, বাছাই ৭ অক্টোবর, প্রত্যাহার ১৪ অক্টোবর ও নির্বাচন ৩১ অক্টোবর ১৬ ইং। স্থানীয় সূত্রে জানা গেছে, এই দু’টি ইউনিয়নে সর্বশেষ ২০০৩ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর প্রায় ৯ বছর পর ২০১১ সালের ১২ জুন নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ওই বছরের ২৬ এপ্রিল সারা দেশের সাথে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এর পরে ৩ মে পাশ্ববর্তী চাঁদপুরের হাইমচর উপজেলার হাইমচর ইউনিয়ন ও নীলকোমল ইউনিয়নের সাথে সীমানা জটিলতা দেখিয়ে আলাওলপুর ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন বেপারী এবং কুচাইপট্টি ইউপি চেয়ারম্যান আবুল বাশার মুন্সি বাদী হয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেন।
এর পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত ৩ মাসের জন্য উল্লেখিত ওই দুই ইউনিয়নের নির্বাচন স্থগিতের আদেশ দেন। পরে ইসি ১১ জুন ভোটগ্রহণের কয়েক ঘন্টা আগে নির্বাচন স্থগিত করে চিঠি পাঠায়। এরপর আলাওলপুরের ওসমান বেপারী ও কুচাইপট্টির মাহবুব হোসেন সোহেল বেপারী ২০১৩ সালের ২৮ জানুয়ারি ওই দুই ইউনিয়নে নির্বাচনের জন্য পুনরায় তফসিল ঘোষণার জন্য আপিল করেন। তাদের আপিলের ভিত্তিতে উল্লেখিত ওই দুই ইউনিয়নে কেন নির্বাচন অনুষ্ঠিত হবে না মর্মে উচ্চ আদালত ৪ সপ্তাহের রুল জারি করেন। কিন্তু এ রুলের নিষ্পত্তি না হওয়ায় এ বছর অনুষ্ঠিত ৬ ধাপের নির্বাচনে নির্বাচন না করার সিধান্ত নিয়েছে ইসি। দুই ইউনিয়নের সাধারণ জনগণের সাথে কথা বলে গড়াই নিউজ২৪ প্রতিনিধি জানায়, নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ায় তারা অনেক খুশি।

























