
গড়াই নিউজ২৪.কম::সিলেট:পর পর চারবার ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট। ভূমিকম্পে প্রবল ঝাঁকুনির ফলে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।অবশ্য এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শনিবার (২৯ মে) সকাল ১০টা ৩৬ মিনিট, ১০টা ৫০ মিনিট ৫৩ সেকেন্ড, ১১টা ২৯ মিনিট ৫৩ সেকেন্ড ও দুপুর ২টায় এ ভূমিকম্প অনুভূত হয়।
ভুমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের মেট্রোলজিস্ট মমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, সকাল ১০টা ৩৬ মিনিটে ভূমিকম্পের রিখটার স্কেল ছিল ৩ দশমিক শূন্য। দ্বিতীয় ঝাঁকুনি ১০টা ৫০ মিনিট ৫৩ সেকেন্ডে রিখটার স্কেলের মাত্রা ছিল ৪ দশমিক ১। তৃতীয় ঝাঁকুনি ১১টা ২৯ মিনিট ৫৩ সেকেন্ডে ২ দশমিক ৮। এছাড়া দুপুর ২টায় ভূমিকম্প অনুভূত হয়। চারটিরই উৎপত্তিস্থল সিলেটের আশপাশে। ঢাকা থেকে উত্তর পূর্বে এর অবস্থান।
তিনি বলেন, ডিউকি ফল্টের কারণে সিলেট ভূমিকম্পপ্রবণ এলাকা। যে কারণে জৈন্তাপুর সীমান্তের দিকেই এর উৎপত্তিস্থল।
ভুমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা ইকবাল হোসেন বাংলানিউজকে জানান, সিলেটে পর পর চারবার ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প পর্যবেক্ষণ সিসমিক জরিপে সকাল ১০টা ৫০ মিনিট ৫৩ সেকেন্ডে ৪ দশমিক ১ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বাকি তিনটি হালকা কম্পন অনুভূত হয়। চারটিরই উৎপত্তিস্থল সিলেটের কাছাকাছি। ঢাকা থেকে এর উৎপত্তিস্থলের দূরত্ব ১৯৬ কিলোমিটার উত্তরপূর্বে।
আবহাওয়া অধিদপ্তর সিলেটের প্রধান আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বাংলানিউজকে জানান, সিলেটে চার দফায় মৃদু ভূমিকম্প হয়েছে। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর উৎপত্তিস্থল ও রিখটার স্কেলের একটির মাত্রা ৪ দশমিক ১।
ভুমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের মেট্রোলজিস্ট মমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, শুধু সিলেট জোনে ভূমিকম্প অনুভূত হয়েছে।
শারমিন আক্তার সোমা/গড়াই নিউজ২৪.কম::

























