ঈদের আগের তিন দিন ও পরের তিন দিন মহাসড়কে ট্রাক ও লরি বন্ধের নির্দেশ

0
2067

গড়াইনিউজ২৪.কম:: ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও লরি চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। ঈদের আগের তিন দিন এবং ঈদের পরের তিন দিন এই নির্দেশনা বহাল থাকবে। বুধবার (০৭ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদে সড়ক পরিবহন ও সেতু  মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। তবে খাদ্য, পচনশীল দ্রব্য, ওষুধ, জ্বালানি ও কাঁচা চামড়া বহনকারী যানবাহন এ নির্দেশনার আওতামুক্ত থাকবে। কমিটির সভাপতি মো. একাব্বর হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য রেজওয়ান আহম্মদ তৌফিক, নাজমুল হক প্রধান, লুৎফুননেছা এবং নাজিম উদ্দিন আহমেদ অংশ নেন। এ সংক্রান্ত নির্দেশনা বিষয়ে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বৈঠকে জানানো হয়।  বৈঠকে আরও বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের কাছ থেকে সরকার কর্তৃক নির্ধারিত ভাড়া নেয়া, অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন না করা, মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ নেওয়া, ভিজিলেন্স টিম গঠন, কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ খোলা এবং সড়ক মহাসড়কের ১৬টি পয়েন্টে পুলিশ প্রশাসনকে সহায়তা করতে ১ হাজার রোভার স্কাউট নিয়োজিত করা হবে। ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণ এবং মহসড়কগুলো যানজটমুক্ত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে সুপারিশ করা হয়েছে বৈঠকে। মহাসড়কের পাশে কোনোভাবেই যেন গরুর হাট বসতে না পারে সে বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করে কমিটি। এছাড়া ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে গৌরীপুর পর্যন্ত বিআরটিসির বাস চলাচলের প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও সুপারিশ করা হয়। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, বিআরটিসির চেয়ারম্যান, বিআরটিএর চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।