‘জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে মন খারাপ হয় খালেদার’: বাণিজ্যমন্ত্রী

0
2506

ঢাকা অফিস, গড়াইনিউজ২৪.কম:: সন্ত্রাসী ও জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে খালেদা জিয়ার মন খারাপ হয় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার বিকালে ভোলার লালমোহনে সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল বলেন, পাকিস্তান বলে বাংলাদেশে কোনো গণহত্যা হয় নাই। খালেদাও তাদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলেন স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদ হয় নাই। তিনি আরও বলেন, ‘বাংলাদেশ এখন ডিজিটাল দেশ। ২০২১ সালে মধ্যম আয়ের দেশে পরিণত হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ বাণিজ্যমন্ত্রী বলেন, ‘২০১৯ সালের মধ্যে যে কোনো দিন বর্তমান সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন হবে এবং বিএনপি যত কথাই বলুক তারা অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবে।’ এ সময় তিনি নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহব্বান জানান। বিএনপি আমলের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘সে সময়ে ভোলাতে কোনো উন্নয়ন হয়নি। শুধু লুটপাট হয়েছে আর আওয়ামী লীগ দমনের রাজনীতি। তাদের কারণে কোনো নেতাকর্মী এলাকায় থাকতে পারেনি।’ আমার গাড়ির উপরও হামলা চালানো হয়েছে বলে জানান তোফায়েল। ২০০১ সালের নির্বাচনে ভোলা-৩ আসন থেকে প্রতিপক্ষ মেজর হাফিজের চেয়ে ১৭ হাজার ভোট বেশি পেয়েও ষড়যন্ত্রভাবে হারানো হয়েছে বলেও অভিযোগ করেন বাণিজ্যমন্ত্রী। ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের চিফ হুইপ আ.স.ম ফিরোজ। প্রধান বক্তা ছিলেন তথ্য ও যেগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, নারায়নগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, সানজিদা খানম এমপি, সানোয়ার হোসেন এমপি, নাঈমুর রহমান দুর্জয় এমপি, নাহিম রাজ্জাক এমপি, ডা. মো. হাবিবে মিল্লাত এমপি, ফাহিম গোলন্দাজ বাবেল এমপিসহ আরও অনেকে। এছাড়া উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা প্রশাসক মোহা. সেলিম উদ্দিন, পুলিশ সুপার মো. মোকতার হোসেন প্রমুখ।