
গড়াইনিউজ২৪.কম:: জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান বলেছেন, আমাদের সবাইকে কর দিতে হবে। কারণ করের টাকা দিয়েই দেশের উন্নয়ন হয়। আমরা উন্নয়ন চাইবো, স্কুল কলেজ চাইবো কিন্তু কর দেব না সেটা হবে না। আমরা কর দিলে আমাদের সন্তানরা ভালোমত চলতে পারবে। তারা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে। উন্নত জীবনযাপন করতে পারবে। বৃহস্পতিবার ২০১৬-১৮ অর্থ বছরে প্রাক-বাজেট আলোচনা এবং রাজস্ব সংলাপ অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান এসব কথা বলেন। গোপালগঞ্জ সুইমিংপুল এ্যান্ড জিমনেশিয়ামে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শেখ ফজলুল করিম সেলিম। গরীবের উপরে ভ্যাট কীভাবে কমানো যায়- এ বিষয়ে শেখ ফজলুল করিম সেলিম এনবিআর চেয়ারম্যানকে দৃষ্টি আকর্ষণ করে বলেন, বড় লোকের উপর বেশি করে কর নেন, কিন্তু গরীবের কথা বিবেচনা করে তাদের কাছ থেকে কম কর নেন। এসময় সবাইকে কর দেয়ার আহবান জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, কারণ করের টাকা দিয়েই দেশের উন্নয়ন হয়। তাই আমাদের সবাইকে কর দিতে হবে। প্রধানমন্ত্রী যখন বলেছিলেন নিজেদের অর্থ দিয়ে পদ্মা সেতু হবে, এটা আমাদের কাছে একটি মেসেজ হিসেবে এসেছে। ভবিষ্যতে আমাদের বড় বড় প্রকল্পগুলো নিজস্ব অর্থায়নে হবে। এজন্য সবাইকে যার যার অবস্থান থেকে কর দিতে হবে। নজিবুর রহমান আরও বলেন, ঢাকার পর আমরা এই প্রথম গোপালগঞ্জ এবং মংলায় রাজস্ব সংলাপ শুরু করেছি। এই দুই জায়গায় আমরা কর নিয়ে আলোচনা করেছি। কারণ গোপালগঞ্জে আমাদের একটি ঋণ আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই রাজস্ব ব্যবস্থা প্রথম চালু করেছিলেন। তিনি বলেন, আমরা আয়কর, শুল্ক এবং ভ্যাট এই তিন বিষয়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা কীভাবে প্রণোদনা পেতে পারে সেটার একটি সুপারিশ আপনাদের আলোচনার মাধ্যমে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর কাছে দেয়া হবে। এসময় গোপালগঞ্জে একটি আধুনিক রাজস্ব ভবন দ্রুত তৈরি করার আশবাদও ব্যক্ত করেন তিনি।

























