কুষ্টিয়ার মিরপুরে ২ দলিল লেখককে ভ্রাম্যমান আদালতের জরিমানা

0
2468
গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে ২ দলিল লেখক ও ১ সার ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল রবিবার বিকালে ভ্রাম্যমান আদালত সাব-রেজিষ্ট্রি অফিসে অভিযান চালিয়ে দুই দলিল লেখককে অর্থদণ্ড প্রদান করেছেন।
কুষ্টিয়ার জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম মাজহারুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করে। সরকার নির্ধারিত ফি থেকে অতিরিক্ত অর্থ আদায়ের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৯ ধারায় মিরপুর হাসপাতালপাড়ার মৃত তমছেদ আলীর ছেলে দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ শফি উদ্দিন (৫০), আমলার খায়রুল ইসলামের ছেলে আমিরুল ইসলামকে ১০ হাজার টাকা করে জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম মাজহারুল ইসলাম জানান জেলা প্রশাসকের নির্দেশক্রমে সাব-রেজিষ্ট্রি অফিসকে দূর্নীতিমুক্ত করতে এ অভিযান। এ ধরনের অভিযান জেলার সকল উপজেলায় পরিচালিত হবে। এ সময়ে র‌্যাব-১২’র সদস্যরা উপস্থিত ছিল। অন্যদিকে সকালে উপজেলার আমলা বাজারে আশরাফুল হক (৩৯) নামের এক ব্যবসায়ীকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের ম্যাজিট্রেট ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সূর্বণা রানী সাহা।
সূর্বণা রানী সাহা জানান, অনুমোদনবিহীন কীটনাশক, মেয়াদ উত্তীর্ণ সার, ও দোকানের সঠিক অনুমোদন না থাকায় “ভোক্তা অধিকার ও সংরক্ষন আইন-২০০৯” এ তাকে নগদ ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে মেয়াদোত্তীর্ণ সার উপস্থিত গরীব কৃষদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ, আমলা পুলিশ ক্যাম্পের এএসআই বাবলুর রহমান প্রমুখ।