
গড়াইনিউজ২৪.কম:: বিএনপি বিলুপ্তির পথে এগিয়ে চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও ভোলা-১ (সদর) আসনের সাংসদ তোফায়েল আহমেদ। বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকার সময়ে লুটপাট ছাড়া কোনো উন্নয়ন করেনি। আজ তাদের করুণ অবস্থা। তারা আজ বিলুপ্তির পথে এগিয়ে চলছে। দলে অভ্যন্তরীণ কোন্দল, এক নেতা আরেক নেতার বিরুদ্ধে কথা বলে। দল থেকে ছয়জন এমপি হয়ে পাঁচজন শপথ নিয়েছেন। এদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম শপথ নেননি। এ শপথ গ্রহণ নিয়েও তাদের দলে দ্বন্দ্ব রয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে ভোলার ভেলুমিয়া ইউনিয়নে অসহায় গরিবদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে তার পক্ষ থেকে শাড়ি ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তোফায়েল বলেন, ‘বিএনপি সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে আসে না। তারা শুধু ভোটের সময় আসে। আর আওয়ামী লীগ সব সময় মানুষের পাশে থাকে। আমরা ভোটের রাজনীতি করি না, সাধারণ মানুষের জন্য রাজনীতি করি।’ তিনি বলেন, ‘বাংলাদেশ দারিদ্র্যমুক্ত হতে চলছে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন সে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘ভোলাকে বাংলাদেশের শ্রেষ্ঠ জেলায় রূপান্তিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ভোলায় প্রচুর প্রকৃতিক গ্যাস রয়েছে। সে গ্যাস দিয়ে শিল্প-কারখানা গড়ে উঠবে।’ এ সময় উপস্থিত ছিলেন- ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, তোফায়েল আহমেদের কন্যা তাসলিমা আহমেদ জামান মুন্নি, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. ইউনুছ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।






















