কুষ্টিয়ার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো: জহির রায়হান

0
2109

আতিকুজ্জামান ছন্দ, গড়াইনিউজ২৪.কম:: আজ বৃহঃপ্রতিবার কুষ্টিয়ার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক মো: জহির রায়হান এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। বিগত দিনের মত এ জেলায় সাংবাদিক এবং প্রশাসন একজোট হয়ে কাজ করবে। কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে যোগদানের মাত্র এক দিনের মাথায় জেলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক মো: জহির রায়হান এ ঘোষণা দিয়েছেন। এর আগে সকালে সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধিদের সাথেও মতবিনিময় করেন জেলা প্রশাসক। মতবিনিময় কালে গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে সদ্য যোগদানকৃত এই জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্পপ্নের ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। দেশের উন্নয়নের জন্য সাংবাদিকদের বিরাট অবদান রয়েছে। সংবাদিক এবং প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা একে অপরের পরিপূরক। দীর্ঘ এক যুগেরও বেশি মাঠ প্রশাসনে সক্রিয়ভাবে কাজ করা অভিজ্ঞ এই জেলা প্রশাসক বলেন, অনেক স্থানে চাকুরী করেছি; কিন্তু প্রশাসনের সাথে সাংবাদিকদের যে এত হৃদতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠতে পারে তা এই কুষ্টিয়া জেলায় না আসলে বুঝতাম না। কুষ্টিয়াকে শিল্প-সাহিত্য ও সংস্কৃতির এক উর্বর ভূমি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, উন্নয়নের যে রোডম্যাপে কুষ্টিয়া জেলা অবস্থান করছে সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আপনাদের সাথে নিয়ে সবাই মিলে কুষ্টিয়া জেলার উন্নয়ন করব। যে যার অবস্থানে থেকে আমরা যদি আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করি তাহলে অবশ্যই এ জেলার কাঙ্খিত উন্নয়ন সম্ভবপর হবে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এ কথা উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, স্বাধীনতা পরবর্তী সময় এ দেশে বাজেট ছিল মাত্র ৭শ ২৬ কোটি টাকা আর এখন এই বাজেট গিয়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৪৫ হাজার কোটি টাকা। ডিজিটাল সেবার ক্ষেত্রে কুষ্টিয়া জেলা বাংলাদেশের রোল মডেল হিসেবে উল্লেখ করে জেলা প্রশাসক ঘোষণা দেন, এই জেলা যেমন এগিয়ে যাচ্ছে তেমনিই এগিয়ে যাবে। উন্নয়নের এই গতিকে কেউ ব্যাহত করতে পারবে না। কুষ্টিয়া জেলা প্রশাসনের অত্যন্ত দক্ষ, কর্মঠ এবং মিডিয়া বান্ধব অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মুজিব-উল-ফেরদৌস’র পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (ডিডি এলজি) আনার কলি মাহবুব, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হেনা মুহাম্মদ মুস্তফা কামাল, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মো: তৌহিদুজ্জামানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুরুতেই পরিচয় পর্বের মাধ্যমে শুরু হয় মতবিনিময় সভা। উন্মুক্ত আলোচনায় কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল-মামুন সাগর বলেন, সমাজে ভাল-মন্দ পাশাপাশি থাকবে। আমাদেরকে মন্দটা বর্জন করে ভালটা বেছে নিতে হবে। উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে কুষ্টিয়া যেমন রোল মডেল তেমনি সাংবাদিকদের ক্ষেত্রেও কাঙাল হরিণাথের এ জেলা রোল মডেল উল্লেখ করে তিনি বলেন, বর্তমান জেলা প্রশাসনের যে দক্ষ টিম রয়েছে একটু তদারকি করলেই জেলা প্রশাসক হিসেবে আপনি সফল হতে পারবেন। বিগত দিনে কুষ্টিয়ার সাংবাদিকরা যেভাবে জেলা প্রশাসনকে সহযোগিতা করে এসেছে সেটা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন। কুষ্টিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান লাকী বলেন, দেশ এগিয়ে যাচ্ছে আপনার নেতৃত্বে এ জেলা আরো সামনের দিকে এগিয়ে যাবে। আপনার প্রতিটি ভাল কাজের সাথে এ জেলার সাংবাদিকদের ছায়ার মত পাশে পাবেন সব সময়। কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ফারুক আহম্মেদ পিনু বলেন, বিগত জেলা প্রশাসককে এ জেলার সাংবাদিকরা যেভাবে সহযোগিতা করেছেন আপনাকে আমরা সেভাবে সহযোগিতা করব। কুষ্টিয়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শরীফ বিশ^াস বলেন, কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাচন আসন্ন। বিগত ২০১৪ সালে কুষ্টিয়া প্রেসক্লাবে যে ঐতিহাসিক নির্বাচন হয়েছে এবারও সে রকম সর্বজনগ্রাহ্য নির্বাচন দেখতে চাই এ জেলার গণমাধ্যমকর্মীরা। কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য দৈনিক সমকাল ও ডিবিসি বাংলা’র কুষ্টিয়া প্রতিনিধি সাজ্জাদ রানা এ জেলা থেকে দুর্ণীতি-অনিয়ম বন্ধ করতে বিগত জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের নানা মহতী উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, আপনার কাছে প্রত্যাশা থাকবে আপনিও সে ধারা অব্যাহত রাখবেন। কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য ইন্ডিপেনডেন্ট প্রতিনিধি মীর-আল আরেফিন বাবু বলেন, সব সাংবাদিকদের সাথে আপনার যেন পেশাগত সম্পর্ক থাকে, পারসোনাল সম্পর্ক যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এসএম আলী আহসান পান্না বলেন, আপনি ভাল কাজ করলে আমাদের সহযোগিতা পাবেন। আর না করলে পাবেন তিরস্কার। বাসস, এস এ টিভি ও ভোরের কাগজ’র কুষ্টিয়া প্রতিনিধি এবং কুষ্টিয়ার কাগজ’র সম্পাদক নুর আলম দুলাল বলেন, ইতিহাস ঐতিহ্যের লীলা ভূমি এই কুষ্টিয়া জেলা। এ জেলার অনেক সাংবাদিক দেশের শীর্ষ স্থানীয় মিডিয়া গুলোতে নেতৃত্ব দিচ্ছেন উল্লেখ করে দুলাল বলেন, এ জেলার উন্নয়নে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা অব্যাহত থাকবে। দৈনিক ইত্তেফাক’র কুষ্টিয়া জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মঞ্জু প্রশাসনের প্রতি সব সাংবাদিককে এক চোখে দেখার আহবান জানান। দৈনিক সময়ের কাগজ’র সম্পাদক আবু বকর সিদ্দিক বলেন, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের খানা-খন্দ এবং বিভিন্ন অনিয়ম-দুর্ণীতির সংবাদ প্রতিনিয়ত সংবাদ পত্রের পাতায় উঠে আসলেও কোন প্রতিকার হয়না। আপনার কাছে প্রত্যাশা এগুলোর প্রতিকার যেন হয়। কুষ্টিয়ার মানুষ আপনার সব ভাল কাজের সাথে থাকবে। দৈনিক অবজারভারের কুষ্টিয়া প্রতিনিধি পিএম সিরাজুল ইসলাম বলেন, আপনার প্রভাবে আপনার অধস্থনরা যাতে কোন অনাচারে লিপ্ত হতে না পারে সে দিকে লক্ষ্য রাখতে হবে। দৈনিক আজকের সূত্রপাত’র সম্পাদক আক্তার হোসেন ফিরোজ স্থানীয় সংবাদপত্র প্রকাশনা অব্যাহত রাখতে জেলা প্রশাসনের সহযোগিতার আহবান জানান। কুষ্টিয়া জেলা রিপোটার্স ইউনিটির সভাপতি জামাল উদ্দিন হায়দারী বলেন, এই প্রথম কোন জেলা প্রশাসকের পক্ষ থেকে আমাকে মতবিনিময় সভায় ডাকা হল। ভাল লাগছে। আপনার ভাল কাজের সাথে আমরা আছি এবং থাকব। ইন্ডিপেনডেন্ট টিভির কুষ্টিয়া প্রতিনিধি মিলন উল্লাহ বলেন, পেশাগত কাজে একে অপরের সহযোগিতা অব্যাহত থাকলে এ জেলার সফলতা সম্ভব হবে। দৈনিক নয়া দিগন্ত’র কুষ্টিয়া প্রতিনিধি আফম নুরুল কাদের বলেন, বিগত জেলা প্রশাসক জেলা স্কুল এবং গালর্স স্কুলে ভর্তি বাণিজ্য বন্ধ করে যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। দৈনিক আমাদের সময়’র স্টাফ রিপোর্টার শামসুল আলম স্বপন বলেন, যে সমস্ত জেলা প্রশাসক ভাল কাজ করে গেছেন তারা সব সময় কুষ্টিয়াবাসীর হৃদয়ে রয়ে গেছেন। আপনিও ভাল কাজ করবেন যাতে সবার ভালবাসার পাত্র হতে পারেন। সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক-দৈনিক স্বর্ণযুগ সম্পাদক ও নিউজ টয়েন্টি ফোর’র কুষ্টিয়া প্রতিনিধি জামিল হাসান খান খোকন বলেন, জেলা স্কুল, শিক্ষা প্রকৌশল অফিসের জায়গা দখল হয়ে গেছে। এর বিরুদ্ধে কেউ কোন ব্যবস্থা নেই না যা দু:খজনক। দৈনিক পদ্মা-গড়াই’র ভারপ্রাপ্ত সম্পাদক মাহামুদ হাসান তরুন সাংবাদিকদের বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণের সুযোগ প্রদানের আহবান জানান। মতবিনিময় সভায় আন্তর্জাতিক মানের অনলাইন নিউজ পোর্টাল গড়াইনিউজ২৪.কমের সম্পাদক আতিকুজ্জামান ছন্দ ও কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানীয় পত্রিকার সম্পাদক, জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ ও ফটো সাংবাদিকগণ অংশ গ্রহণ করেন। প্রসঙ্গত গত ২১ সেপ্টেম্বর অনেকটায় মিরাকলভাবে নিজের ৪৮ তম জন্মদিনে এ জেলার ৪৮ তম জেলা প্রশাসক হিসেবে কুষ্টিয়ায় যোগদান করেন অর্থ মন্ত্রণালয়ের জনপ্রশাসন বিভাগের উপ সচিব মো: জহির রায়হান। তিনি কুষ্টিয়ার সাবেক জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন’র স্থলাভিষিক্ত হলেন। প্রায় ৩ বছর ১০ মাস কুষ্টিয়ায় অবস্থানকালীন একাধিকবার মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে শ্রেষ্ঠ জেলা প্রশাসকের কৃতিত্ব¡ অর্জনকারী কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বদলী জনিত কারণে গত ২১ সেপ্টেম্বর কুষ্টিয়া ত্যাগ করেন। তিনি ঢাকায় অর্থনীতি সম্পর্ক বিভাগের উপ-সচিব হিসেবে যোগদান করেছেন।