মাহমুদউল্লাহকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা

0
606

ঢাকা অফিস, গড়াইনিউজ২৪.কম:: নানান জল্পনা-কল্পনার পর অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ দল। বুধবার দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হয়েছে আসন্ন বিশ্বকাপের দল। গত বেশ কয়েকদিন ধরে বিশ্বকাপ দলের আলোচনায় হট টপিক ছিলেন সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। শেষপর্যন্ত তাকে ছাড়াই ঘোষণা করা হয়েছে বিশ্বকাপের দল। অধিনায়ক সাকিব আল হাসানের ডেপুটি হিসেবে বেছে নেওয়া হয়েছে নুরুল হাসান সোহানকে। সবশেষ এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, নাইম শেখ, শেখ মেহেদি হাসান ও পারভেজ হোসেন ইমন। অবসর নেওয়ায় দলে নেই মুশফিকুর রহিম। তাদের জায়গায় এসেছেন লিটন দাস, ইয়াসির আলি রাব্বি, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত ও হাসান মাহমুদ। মূল দল থেকে বাদ পড়লেও বিশ্বকাপে দলের সঙ্গে রিজার্ভ হিসেবে থাকবেন শেখ মেহেদি হাসান। তিনি ছাড়াও রিজার্ভ হিসেবে নেওয়া হয়েছে লেগস্পিনার রিশাদ হোসেন, বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ও বাঁহাতি ড্যাশিং ওপেনার সৌম্য সরকারকে। বিশ্বকাপে যে কারও ইনজুরিতে এ চারজনের মধ্য থেকে বদলি খেলোয়াড় নেওয়া যাবে। নতুন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামের পরামর্শ নিয়ে টিম ম্যানেজমেন্টের সর্বসম্মতিক্রমেই মাহমুদউল্লাহকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তার ভাষ্য, ‘মাহমুদউল্লাহ রিয়াদের প্রতি আমাদের পূর্ণ সম্মান আছে। অনেক ভালো ভালো ম্যাচ জিতিয়েছে।’