
গড়াইনিউজ২৪.কম:: জেলায় পুলিশের বিশেষ অভিযানে আটক হয়েছেন তিরিশ জনেরও বেশি। তাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী আটকদের মধ্যে, সাতক্ষীরা সদর উপজেলায় ১২ জন, কলারোয়া থেকে নয় জন, তালা থেকে তিন জন, কালীগঞ্জ, শ্যামনগর, আশাশুনি ও দেবহাটা থেকে আটক হয়েছেন দুইজন করে। এ ছাড়া পাটকেলঘাটায় আটক হয়েছেন একজন। জেলা পুলিশের বিশেষ শাখা থেকে পাঠানো মুঠোফোন বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে সুষ্পষ্ট কী অভিযোগ আছে, এর বিস্তারিত কিছু জানানো হয়নি ওই বার্তায়। কেবল বলা হয়েছে, আটকদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ২০১৩ সালে বিএনপি-জামায়াতজোটের সরকারবিরোধী আন্দোলনে ব্যাপক নাশকতার পর থেকে এই জেলায় প্রায়ই এমন অভিযান চালায় পুলিশ। ওই সময় নাশকতার নানা ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি বা সন্দেহভাজনদের আটক করে পুলিশ। এদের একটি বড় অংশই জামায়াত ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের রাজনীতিতে জড়িত বলে নানা সময় জানিয়েছে পুলিশ। এই অভিযানের পর সাতক্ষীরায় নাশকতার ঘটনাও কমে আসছে বলে জানিয়েছে পুলিশ। এ রকম অভিযান আরও চলবে এমন কথাও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

























