
গড়াইনিউজ২৪.কম::‘ছোটো থেকে ইচ্ছে ছিলো গান করবো, গানেই ক্যারিয়ার গড়বো। সেই স্বপ্নপূরণেই কাজ করছি।’ কথাগুলো বলছিলেন তরুণ কণ্ঠশিল্পী জীবন খান। অল্প কিছুদিনেই শ্রোতাদের মনে স্থান করে নেয়া এই শিল্পীর দ্বিতীয় একক এ্যালবাম বের হতে যাচ্ছে খুব শিগগিরই। আগামী ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে ‘জীবন জুড়ে তুমি-’২ এ্যালবাম। এর আগে ২০১৪ সালের ভালোবাসা দিবসে মুক্তি পায় ‘জীবন জুড়ে তুমি’ এ্যালবামটি। এবারের এ্যালবাম মূলত তারই সিক্যুয়েল। প্রথম এ্যালবামটি বেশ জনপ্রিয়তা পাওয়ায় শ্রোতাদের জন্য নতুন কিছু নিয়ে এসেছেন বলে জানান জীবন খান। তিনি বলেন, এই অ্যালবামের সবগুলো গানের কথা ও সুর আমার করা। আশা করি শ্রোতারা নতুনত্ব পাবেন এই অ্যালবামটিতে। আর আমি আমার নিজের লেখা গানেই কাজ করতে পছন্দ করি। প্রথম অ্যালবামটিতেও আমার ৩ টি লিরিক ছিল।’ টাঙাইলের ছেলে জীবনের গানের শুরু ছোটবেলা থেকে। প্রিয় শিল্পী হাবিব ওয়াহিদ ও আসিফ আকবর। তাদের গান শুনেই বড় হয়েছেন তিনি। আর দেশের বাইরে অরিজিৎ সিংয়ের গান ভালো লাগে তার। স্কুলে থাকা অবস্থায় বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করতেন তিনি। কলেজ লাইফেও সেই একই অবস্থা। যেকোন অনুষ্ঠানেই ছিল তার উপস্থিতি। এ নিয়ে মজার এক অভিজ্ঞতার কথা শোনান জীবন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠানে একবার শিল্পী গান গাইতে গাইতে ভুলে যান। তখন পেছন থেকে জীবন গান গাওয়া শুরু করনে। ব্যস তখন থেকেই শিল্পী তকমা লেগে যায় তার। এরপর আড্ডা কিংবা অনুষ্ঠান, জীবনের গান গাওয়া আবশ্যক। বন্ধুদের আড্ডার গন্ডি পেরিয়ে সারাদেশের শ্রোতাদের গান শুনিয়ে যাচ্ছেন জীবন। আর তার এই সাফল্যে দারুণ খুশি তার বন্ধুরাও। জীবন বলেন, পরিবার ও বন্ধুদের উৎসাহ আর সহযোগিতা ছাড়া তার এতদূর আসা সম্ভব ছিল না বন্ধু ও পরিচিতজনদের নিয়েই গড়ে তোলেন ইনবাইটার নামে একটি ব্যান্ড। এরপর একক এলবাম। সম্প্রতি কাজ করেছেন একটি মিউজিক ভিডিওতে। তার জনপ্রিয় গান ‘মায়া ডোরে’ গানটির মিউজিক ভিডিও হয়েছে কক্সবাজারে। শুভ ইসলামের নির্দেশনায় নির্মিত মিউজিক ভিডিওটি মুক্তি পাবে চলতি মাসের শেষেই। এছাড়া নিজের একক এ্যালবামের পাশাপাশি দুজন নবাগত শিল্পীর ফুল সলো এ্যালবামের কাজ করছেন জীবন। গানগুলোর কথা ও সুর তার নিজেরই করা। তার ইচ্ছে ভালো মিউজিক কম্পোজার হওয়া। আগামী ১০ বছর পর নিজেকে একজন ভালো শিল্পী ও কম্পোজার হিসেবে গড়ে তুলতে চান তিনি।

























