
আন্তর্জাতিক ডেস্ক, গড়াইনিউজ২৪.কম:: দুবাইয়ে একটি বিমান বিধ্বস্ত হয়ে তিন ব্রিটিশ এবং দক্ষিণ আফ্রিকার এক নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার যুক্তরাজ্যের নিবন্ধিত ডায়মন্ড এয়ারক্রাফটের চার সিটবিশিষ্ট ডিএ৪২ নামক বিমানটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়। আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমিরেটস নিউজ এজেন্সির বরাত দিয়ে এই খবর দিয়েছে দ্য গার্ডিয়ান ও বিবিসি। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি আন্তর্জাতিক হাব থেকে পাঁচ কিলোমিটার দক্ষিণে বিধ্বস্ত হয়েছে। এমিরেটস নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, একটি মিশনে অংশ নেয়া চার সিটের বিমানটির সব আরোহী নিহত হয়েছে। বিমানটিতে তিন ব্রিটিশ নাগরিক এবং দক্ষিণ আফ্রিকার এক নাগরিক ছিলেন। কারিগরি ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। এই দুর্ঘটনার পরপরই সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়। বিমানের বিশ কিছু ফ্লাইট নির্ধারিত সময়ের পরে ছেড়েছে। দুবাইয়ের সরকারি মিডিয়া অফিস জানায়, বিমানটি হানিওয়েল মালিকানাধীন একটি মার্কিনভিত্তিক বহুজাতিক প্রকৌশল ও মহাকাশযান সিস্টেমের অন্তর্গত।

























