কুষ্টিয়ার কুমারখালীতে পালিত হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী

0
2134

গড়াইনিউজ২৪.কম:: আজ ২৫ বৈশাখ নানা আয়োজনে কুষ্টিয়ার কুমারখালীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। কুষ্টিয়া জেলা প্রশাসন ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রনালয়ের যৌথ আয়োজনে ৪ দিনব্যাপী অনুষ্ঠানে উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আঃকাঃম সরওয়ার জাহান বাদশা। কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-২ ওয়াহিদা নুসাররত অনীতা, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম। এ উপলক্ষে রবীন্দ্র কুঠিবাড়ি প্রাঙ্গনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা অনুষ্ঠানসূচীর আয়োজন করা হয়েছে। এতে অংশ নিয়েছেন কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীসহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন শিল্পীরা। তবে বিশ্বকবির জন্মবার্ষিকীর অনুষ্ঠান আয়োজন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন এখানে আসা দর্শনার্থী ও রবীন্দ্র প্রেমীরা। উল্লেখ্য, ১৮৯০ সাল থেকে ১৯০১ সাল পর্যন্ত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই শিলাইদহ কুঠিবাড়ীতে অবস্থান করেছেন। এই সময়ে তার বেশকিছু স্বনামধন্য কাব্যগ্রন্থের লেখা এই শিলাইদহ কুঠিবাড়িতে বসে লিখেছেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থ সোনারতরী এই শিলাইদহ কুঠিবাড়িতে বসেই রচনা করেন।