
কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া সদর উপজেলার হরিণারায়াণপুর এলাকা থেকে সাগর সাহা (১৯) নামে এক কলেজ ছাত্রকে অপহরণ করেছে। অপহরণকারীরা তাঁর পরিবারের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। এ ঘটনায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একটি মামলা হয়েছে। বধুবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাগর বাড়ি থেকে বের হওয়ার পর অপহরণ হন। তিনি সদর উপজেলার ল²ীপুর গ্রামের ব্যবসায়ী প্রদীপ সাহার এবং স্থানীয় খাতের আলী ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। প্রদীপ সাহার স্ত্রী অর্চণা সাহা সাংবাকিদের জানান, বুধবার সন্ধ্যায় বাজার করার জন্য সাগর বাইসাইকেল নিয়ে পাশের গ্রাম হরিনারায়ণপুর বাজারে যায়। এরপর আর বাড়ি ফিরে আসেনি। পরে রাতে একটি মোবাইল ফোন থেকে ফোন করে বাবা প্রদীপ সাহাকে জানানো হয় তার ছেলেকে অপহরণ করা হয়েছে। ছেলেকে অক্ষত অবস্থায় ফিরে পেতে চাইলে ৫০ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে বলেও ফোনে জানানো হয়। পরে বৃহস্পতিবার ফোন করে মুক্তিপণের পরিমান কমিয়ে ৩০ লাখ টাকা চায় অপহরণকারীরা। ছেলে অপহরণের ঘটনায় মা অর্চণা সাহা অসুস্থ হয়ে পড়েছেন। এদিকে, গতকাল পুলিশ সাগরের বাড়ি থেকে কিছুটা দূরে জিকের ক্যানেলের পাশ থেকে তার (সাগরের) বাইসাইকেল ও বাজারের ব্যাগ উদ্ধার করেছে। সেখান থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির এক জোড়া স্যান্ডেলও উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত ১২টার মধ্যে এ টাকা না দিলে সাগরকে মেরে লাশ গুম করে ফেলা হবেও বলেও ফোনে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় প্রদীপ সাহা বৃহস্পতিবার বাদি হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে একটি অপহরণ মামলা করেছেন। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ ঘটনার সত্যতা স্বীকার করে জানান,‘অপহৃত সাগরকে উদ্ধারে অপারেশনে আছি। এই মহূর্তে এর বেশি কিছু জানানো সম্ভব নয়।’

























