প্রথম দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ১৩ হাজার, বহিষ্কার ৬৬

0
2211

গড়াইনিউজ২৪.কম::গতকাল রবিবার থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষায় অংশ নেয় ৯ লাখ ৯৫ হাজার ৪৩৭ পরীক্ষার্থী। পরীক্ষার প্রথম দিনে গতকাল ১৩ হাজার ৬৯ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া বহিষ্কার হয়েছে ৬৬ পরীক্ষার্থী। এদের মধ্যে ঢাকা বোর্ডে দুই জন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে একজন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ২১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৪২ জন বহিষ্কার হয়। এছাড়া পরিদর্শক বহিষ্কার হয় ঢাকা বোর্ডে একজন। পরীক্ষা শুরুর আগে ঢাকা কলেজ পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। এ সময় তিনি  সাংবাদিকদের বলেন, প্রশ্নপত্র ফাঁস বন্ধে আগামী এসএসসি পরীক্ষা থেকে স্থানীয় প্রশাসনের অধীনে প্রশ্নপত্র ছাপিয়ে পরীক্ষা নেওয়া হতে পারে। বোর্ড পরীক্ষাসহ নানা পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনার সঙ্গে জড়িত অসাধু শিক্ষকদের চিহ্নিত করা হচ্ছে। মন্ত্রী বলেন, কিছু অসাধু শিক্ষক প্রশ্ন ফাঁসে জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে। শুধু শিক্ষকরা নয়, কলেজের অধ্যক্ষ পর্যন্ত প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তারা টাকার বিনিময়ে প্রশ্ন ফাঁস করছেন। তাদেরকে চিহ্নিত করা হচ্ছে। সময়মতো তাদেরকে জনসম্মুখে প্রকাশ করা হবে। মন্ত্রী বলেন, অনেক কষ্টে বিজি প্রেস থেকে প্রশ্নপত্র ফাঁস বন্ধ করা গেছে; কিন্তু শিক্ষকরা টাকার জন্য এমসিকিউর উত্তর বলে দিচ্ছেন। প্রশ্নের ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দিচ্ছেন। এভাবে হলে তো প্রশ্ন ফাঁস বন্ধ করা সম্ভব না। শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, অভিভাবকরা প্রশ্ন ফাঁসের বিষয়ে কথা বলেন না, প্রতিবাদ করেন না। তাই প্রশ্ন ফাঁস পুরোপুরি বন্ধ হচ্ছে না। প্রশ্ন ফাঁস বন্ধে অভিভাবকদের কার্যকরী ভূমিকা থাকতে হবে।