
ঢাকা অফিস, গড়াইনিউজ২৪.কম:: চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা মিজু আহমেদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ট্রেনে দিনাজপুর যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলা চলচ্চিত্রের অন্যতম এ খল অভিনেতা। আজ সোমবার রাত পৌনে ৮টার দিকে ট্রেনের ভেতরেই হার্ট অ্যাটাক হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। জানা যায়, মিজু আহমেদ শ্যুটিংয়ে অংশ নিতে সোমবার রাতে ঢাকার কমলাপুর থেকে ট্রেনে দিনাজপুর যাচ্ছিলেন। রাত সাড়ে ৮টা দিকে ট্রেনটি বিমানবন্দর রেলস্টেশনে পৌঁছলে তিনি বুকে ব্যথা অনুভব করেন। পরে কাছের একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিজু আহমেদের জন্ম ১৯৫৪ সালের ১৭ই নভেম্বর কুষ্টিয়ায়। স্ত্রী পারভীন আহমেদ, দুই মেয়ে কেয়া ও মৌ এবং ছেলে হারশাতকে নিয়ে তার পরিবার। তিনি এ পর্যন্ত আটশ’র বেশি ছবিতে অভিনয় করেছেন। মরদেহ কুর্মিটোলা হাসপাতালে নেয়া হচ্ছে বলে জানা গেছে। লাশবাহী গাড়িতে মিজু আহমেদের পরিবারের সদস্য ও চলচ্চিত্রের অনেকেই রয়েছেন। মরদেহের সঙ্গে মিজু আহমেদের মেয়ের জামাই ও মিশা সওদাগর রয়েছেন। রাত ৯টা ৩৫ মিনিটে কুর্মিটোলা হাসপাতালে মরদেহ নেয়া হয়। হাসপাতালে ছুটে এসেছেন চিত্রনায়ক রিয়াজ, আমিন খানসহ আরও অনেকেই। জানা গেছে, হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষ করে রাতেই মরদেহ নিয়ে যাওয়া হবে মিজু আহমেদের নিজ বাসায়। এ অভিনেতা দীর্ঘদিন ধরে রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালের বিপরীতে কনকর্ড টাওয়ারে বসবাস করতেন মিজু আহমেদ ১৯৭৮ সালে চলচ্চিত্রে পা রাখেন। অভিনয়ের পাশাপাশি তিনি একজন প্রযোজক হিসেবেও ছিলেন সফল ও জনপ্রিয়। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ফ্রেন্ডস মুভিজ।

























