
গাইবান্ধা অফিস, গড়াইনিউজ২৪.কম:: গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম লিটন হত্যার সঙ্গে জড়িত সন্দেহে দুই শিবির নেতাকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন- আশরাফুল ইসলাম (২৫) ও জহিরুল ইসলাম (২৫)। এদের মধ্যে আশরাফুল ইসলাম সুন্দরগঞ্জ থানার জামায়াত ইসলামীর আমির হাজী ইউনুসের ছেলে। জহিরুল ইসলামের বিরুদ্ধে ভাঙচুর ও নাশকতার অভিযোগে সুন্দরগঞ্জ থানায় চারটি মামলা রয়েছে। বুধবার গভীর রাতে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাদেরকে গ্রেফতারের তথ্য জানিয়ে র্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ জানান, তাদেরকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাদের গাইবান্ধার সুন্দরগঞ্জ থানায় পাঠিয়ে দেয়া হয়েছে। তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই নিশ্চিত হওয়া যাবে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কিনা। গত বছরের ৩১ ডিসেম্বর সন্ধ্যার দিকে সুন্দরগঞ্জ উপজেলার শাহবাজ গ্রামে নিজ বাড়িতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন। আহতাবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সন্ধ্যা সাতটা ৩০ মিনিটে সেখানেই তার মৃত্যু হয়। পরে এ ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল বাদি হয়ে অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে রবিবার রাতে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

























