প্রধানমন্ত্রীর সঙ্গে আইভীর সাক্ষাৎ শুক্রবার সন্ধ্যায়

0
1403

গড়াইনিউজ২৪.কম:: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিজয়ী প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী শুক্রবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের একটি সূত্র গড়াইনিউজ২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছে। নাসিক নির্বাচনে আইভী জেতায় আনন্দের জোয়ার বইছে আওয়ামী লীগে। এ আনন্দের মাঝেই শুক্রবার সন্ধ্যায় গণভবনে তাকে অভিনন্দন জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতারা। বৃহস্পতিবার দ্বিতীয়বারের মত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। ৭৭ হাজার ৯০২ ভোটের ব্যবধানে হারিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির সাখাওয়াত হোসেন খানকে। মূলত নারায়ণগঞ্জ শহরের দায়িত্বভার তার হাতে এলো টানা তৃতীয়বারের মতো। সিটি করপোরেশন হওয়ার আগের নারায়ণগঞ্জ পৌরসভার সর্বশেষ চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন তিনি। প্রতিবারই তিনি বড় ব্যবধানে হারান প্রতিদ্বন্দ্বীদের। নারায়ণগঞ্জের ১৭৪টি ভোটকেন্দ্রের আনুষ্ঠানিক ফল ঘোষণা না হলেও কেন্দ্র থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের সই করা ফল নিয়ে এসেছেন প্রার্থীদের এজেন্টরা। এই ফল যোগ করে আইভীর প্রাপ্ত ভোট দাঁড়ায় এক লাখ ৭৪ হাজার ৮২৬। আর তার প্রধান প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান পেয়েছেন তার অর্ধেকের কিছু বেশি ভোট। তিনি পেয়েছেন ৯৬ হাজার ৬৭৪টি ভোট। আইভীর বিজয়ের খবরে তার কর্মী-সমর্থকরা উল্লাসে মেতে ওঠেন। তারা মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত করে তোলেন এলাকা। ছোট ছোট খণ্ড মিছিল বিজয়ের ধ্বনি দিয়ে রাস্তায় ছুটে চলে। বিজয় নিশ্চিত হওয়ার পর আইভী সাংবাদিকদের কাছে তার প্রতিক্রিয়া জানান। এ সময় তিনি  তার অসমাপ্ত কাজ শেষ করার আশাবাদ ব্যক্ত করেন। তার এই বিজয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ ও জীবিত সব মুক্তিযোদ্ধার প্রতি উৎসর্গ করেন।