

গড়াইনিউজ২৪.কম:: বরিশালগামী এমভি পারাবত লঞ্চে পা ফেলার জায়গাও নেই। ভিড়ের চাপে নারী, শিশু ও বয়স্কদের অবস্থা বেহাল। তারপরও নতুন করে যাত্রী উঠানো হচ্ছে লঞ্চে। যাত্রী ফারুখ আহমেদ জানালেন, ‘প্রতিবছর ঈদ আসলেই এই ঝামেলায় পড়তে হয়। অনেক সময় সদরঘাটে এসে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। তার উপর লঞ্চে এত যাত্রী উঠানো হয় যে বাচ্চা ছেলে-মেয়েদের নিয়ে মানুষের কষ্টের শেষ থাকে না।’ একই কথা জানালেন পটুয়াখালীগামী এমপি সুরভী লঞ্চের যাত্রী রাজধানীর একটি পোশাক কারখানার কর্মী সীমা আক্তার। তিনি বললেন, ‘জানতাম এমন ভিড় হবে। তাই সকালে নাস্তা না করেই বের হয়েছি। বাসা থেকে খাবার নিয়ে এসেছি।’ গতকাল শনিবার রাজধানীর সদরঘাট নদী বন্দর ছেড়ে যাওয়ার আগে দুটি লঞ্চের চিত্র ছিল এমনই। কোরবানির ঈদে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। নৌপথে গ্রামের বাড়িতে যাওয়া মানুষের উপচেপড়া ভিড় এখন সদরঘাটে। ভিড় সামলাতে যাত্রীবোঝাই লঞ্চগুলো অনেকটা নির্ধারিত সময়ের আগেই ঘাট ছাড়ছে বলে জানা গেছে। বাংলাদেশ অভ?্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিবহন পরিদর্শক (টিআই) সৈয়দ মাহফুজুর রহমান বলেন, শনিবার সকাল থেকেই বেশ ভিড় ছিল। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের চাপ আরো বাড়তে থাকে। রাজধানী থেকে নৌপথে দেশের দক্ষিণাঞ্চলে যাওয়ার এই ঘাট থেকে গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত ছেড়ে গেছে অন্তত ১১৫টি লঞ্চ। অপেক্ষায় ছিল আরো প্রায় ৩৫টি লঞ্চ।
যাত্রীদের প্রচণ্ড চাপের কথা জানিয়ে বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মো. জয়নাল আবেদীন বলেন, শুক্র ও শনিবার অতিরিক্ত যাত্রী বা পন্টুনে লঞ্চ ভেড়ানো নিয়ে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। ঈদ উপলক্ষে সদরঘাটে ৩২টি সিসি ক্যামেরা বসানোর কথা জানিয়ে তিনি বলেন, কোনো লঞ্চ যাতে অতিরিক্ত যাত্রী নিতে না পারে সেজন্য দু’জন ম?্যাজিস্ট্রেট তদারক করছেন। ঈদের দুই দিন আগে সদরঘাট দিয়ে প্রতিদিন গড়ে দুই লাখ মানুষ রাজধানী ছাড়ে বলেও তিনি মন্তব্য করেন। যাত্রীর চাপ কেমন জানতে চাইলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) সহকারী মহাব্যবস্থাপক মো. বরকত উল্লাহ জানান, সদরঘাটে প্রচুর চাপ রয়েছে। এছাড়া চাঁদপুর বন্দরেও যাত্রীদের ভিড় রয়েছে। কারণ চট্টগ্রামসহ ওই অঞ্চলের যাত্রীরা চাঁদপুর হয়ে বরিশাল ও অন্যান্য জেলায় যায়। ঈদ উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত দুটি স্টিমার চলাচল করবে বলেও তিনি জানান। ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সদরঘাটে তিন শতাধিক পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি আবুল হাসান। তিনি বলেন, সদরঘাটে পৌঁছতে যাত্রীদের যেন যানজটের মুখোমুখি হতে না হয় সেজন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে কোনো যানবাহন ঢুকতে দেওয়া হচ্ছে না।
























