ঈশ্বরদীস্থ পাবনা সুগার মিলের উদ্যেগে আখের বীজতলার আনুষ্ঠানিক উদ্বোধন

0
1562

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা:: ঈশ্বরদী পাবনা সুগার মিলের উদ্যেগে ২০১৬-১৭ মওসুমের আখের বীজতলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্প্রতিবার দুপুরে মিলের সাবজোন ঈশ্বরদী পিয়ারাখালী গ্রামের আখ চাষি তাহাজ উদ্দিনের মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। বীজতলার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আখের বীজতলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিজিএম সিপিসি সদর দপ্তর মোঃ লিয়াকত আলী। আখ চাষি তাহাজ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাবনা সুগার মিলের ডিজিএম সিপি কাজী মমতাজুর রহমান, ডিজিএম সম্প্রসারণ বিমান কৃষ্ণ রায়, সাবজোন প্রধান মোঃ শহিদুল্লাহ, সিআইসি আব্দুল্লাহ আল মাসুদ ও আখ চাষি প্রতিনিধি সামসের আলী ঝন্টু প্রমূখ। অনুষ্ঠানে স্থানীয় আখ চাষি গন উপস্থিত ছিলেন।  প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আখ হচ্ছে একটি নিরাপদ ফসল। এই ফসল চাষাবাদে কৃষকের ক্ষতির সম্ভাবনা খুবই কম। সেই সাথে আখ হচ্ছে একটি অর্থকরী ফসল। এই ফসলের মূল্য কখনোই কমেনা। আখের সাথে সাথী ফসল হিসেবে গোল আলু, টমেটো, গাজর, ফুল কপি ও বাধা কপি লাগিয়ে অধিক অর্থ আয় করা সম্ভব। তিনি আরও বলেন, আখ চাষি ভাইয়েরা হচ্ছে পাবনা সুগার মিলের একমাত্র প্রাণ। আপনাদের উৎপাদিত বা আবাদকৃত কাঁচামাল আখ দিয়েই তৈরী হয় চিনি। সরকার মিলকে আরও আধুনিক বা অনেক বড় করেও লাভ নেই, যদি না আপনারা এই মিলে আখ সরবরাহ না করেন। এই মিলকে বাঁচিয়ে রাখতে হলে আপনাদের আখের উৎপাদন আরও বাড়াতে হবে। বর্তমান কৃষক বান্ধব সরকার আখ চাষের জন্য বিঘা প্রতি ৩ থেকে ৪ হাজার টাকা ভূর্তুকী দিচ্ছে। সেই সঙ্গে এবার পর্যাপ্ত পরিমাণে পাবনা সুগার মিলে বিভিন্ন প্রকারের সার মজুদ রয়েছে। আখ চাষে আপনাদের সহযোগিতা ও পরামর্শের জন্য আমাদের মিলের পক্ষ থেকে সিআইসি ও সিডিএ রয়েছে। আপনারা পরামর্শ এবং আখের কোন প্রকার সমস্যা হলে তাদের পরামর্শ বা সহযোগীতা নিতে পারেন।