বাগেরহাটের মোল্লাহাটে দুপক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু!

0
1235

গড়াই নিউজ ২৪.কম::বাগেরহাটের মোল্লাহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে রবিউল ইসলাম মোল্লা (২৫) নামে আহত এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২২ মে) সকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রবিউল ইসলাম মোল্লা ভান্ডারখোলা গ্রামের রতু মোল্লার ছেলে।

 

এর আগে বৃহস্পতিবার (২০ মে) বিকেলে মোল্লাহাট উপজেলার ভান্ডারকোলা গ্রামে জমি সংক্রান্ত বিরোধে রতু মোল্লা ও তার চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়।  আহতদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানান, রতু মোল্লা ও ইরাজ মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এই বিরোধে জেরে কথা কাটাকাটির একপর্যায়ে রতু মোল্লার সঙ্গে তার চাচাতো ভাই ইরাজ মোল্লাদের সংঘর্ষ বেধে যায়। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে রতু মোল্লার ছেলে রবিউল ইসলাম (২৫) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হন। এদের মধ্যে রবিউল ইসলাম মোল্লা নামের একজন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আমরা সংঘর্ষের স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শারমিন আক্তার সোমা/গড়াই নিউজ ২৪.কম::