

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়ায় দুর্নীতির শিরোমণি কুষ্টিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক খলিলুর রহমানের আরও একটি ১০ কোটি টাকার আলিশান বাড়ির সন্ধান মিলেছে। সাংবাদিকদের অনুসন্ধানী টিম তার স্থাবর-অস্থাবর সম্পত্তির সন্ধানে মাঠে নামলে গতকাল বিকেলে শহরের সরকারি মহিলা কলেজের উত্তর দিকে পেয়ারাতলায় বাড়িটির সন্ধান পাওয়া যায়। জমিসহ বাড়ির আনুমানিক মুল্য ১০ কোটি টাকা। বাড়ি তো নয় যেন প্রাসাদ। নানা রঙে রাঙানো ঐ বাড়ির সুরম্য গেটঁসহ রয়েছে অত্যাধুনিক আসবাবপত্র। এলাকাবাসী জানায়, খলিলুর রহমান কুষ্টিয়া হাইস্কুলের সম্পদ লুট করে সেই টাকায় গড়েছেন এই আলিশান ভবন। প্রথমে তিনি অন্যের বাড়ি বলে চালাতে চাইলেও ভাড়াটিয়ার সাথে দেনদরবার এবং তার স্থায়ী বসবাস দেখে আর কারও বুঝতে বাকি থাকে না যে এই প্রাসাদের মালিক কে? ১০ কোটি টাকার বাড়িটির অর্থের উৎস কি? কোথা থেকে এলো এতো টাকা? জনমনে প্রশ্ন, লুঙ্গি পরে, চটি পায়ে শহরে আসা সেই খলিলুর রহমান কুষ্টিয়া হাইস্কুলে প্রধান শিক্ষক পদে যোগদানের পর কি আলাদীনের আশ্চর্য্য চেরাগের সন্ধান পেয়েছেন? যা চাচ্ছেন তাই হয়ে যাচ্ছে এক তুড়িতে?
কুষ্টিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুষ্টিয়া হাই স্কুলের আড়াই হাজার কোটি টাকার সম্পদ লুটপাট হয়ে যাচ্ছে। দু’টি বৃহৎ পুকুর ভরাট, খেলার মাঠের জায়গাসহ শিক্ষা প্রতিষ্ঠানের পুরাতন ভবন বিক্রি, শিক্ষা ভবনের স্থলে একের পর এক বহুতল বিশিষ্ট মার্কেট নির্মাণ করে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান ও ম্যানেজিং কমিটি। সকল জায়গা জমি, মার্কেট, ভবন বিক্রি শেষে এখন শুরু হয়েছে দোতালা ও তিনতলার ছাদ বিক্রির হিড়িক। স্কুলের ফান্ডের নামে নামমাত্র কিছু টাকায় বিক্রি দেখালেও গোপনে ব্যক্তিগতভাবে হাতিয়ে নেওয়া হচ্ছে বাজার দর অনুযায়ী হাজার হাজার কোটি টাকা। কুষ্টিয়ার সর্বস্তরের মানুষ খলিলুর রহমানের আকাশ ছোঁয়া দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য দুর্নীতি দমন কমিশনের হস্তক্ষেপ কামনা করেছে।
























