খালেদা জিয়ার বিরুদ্ধে নিম্ন আদালতে চলবে নাইকো দুর্নীতি মামলা

0
2341
গড়াইনিউজ২৪.কম:: খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বাতিল করে দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার শুনানি এখতিয়ার সম্পন্ন বেঞ্চে আবেদন না করায় হাইকোর্টের দেয়া আদেশ বাতিল করে দেয়া হয়েছে। এরফলে নিম্ন আদালতে নাইকো মামলার কার্যক্রম চলবে। দুদকের পক্ষে খুরশিদ আলম খান শুনানি করেন। অন্যদিকে বিএনপি চেয়ারপার্সনের পক্ষে উপস্থিত ছিলেন মওদুদ আহমেদ।
এর আগে হাইকোর্ট এই কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করে দেয়। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদন করে দুদক। আবেদনে বলা হয়, দুদকের মামলা শুনানির জন্য হাইকোর্টে কয়েকটি বেঞ্চকে এখতিয়ার দেয়া রয়েছে। কিন্তু এসব বেঞ্চে না গিয়ে অন্য বেঞ্চে গিয়ে এই মামলার শুনানি করা হয়েছে। কিন্তু ঐ বেঞ্চে দুদকের মামলা শুনানির এখতিয়ার ছিল না। অতএব হাইকোর্ট যে আদেশ দিয়েছে তা বাতিল যোগ্য।