
বরিশাল প্রতিনিধি, গড়াইনিউজ২৪:: স্বাধীনতা যুদ্ধের প্রায় ৪৫ বছর পর এই প্রথম বরিশাল নগরীতে স্থাপন করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। জেলা পরিষদের উদ্যোগে এই ভাস্কর্যটি স্থাপন করা হবে। এ লক্ষে বঙ্গবন্ধুর প্রতীকী ভাস্কর্যের নকশা এবং স্থান পরিদর্শন করেছেন ঢাকার একটি প্রতিনিধি দল। বরিশাল জেলা পরিষদের প্রশাসক আলতাফ হোসেন ভুলু জানিয়েছেন, জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপিত হবে। শিগগিরই ভাস্কর্য স্থাপন কাজ শুরু হবে। এ সংক্রান্ত একটি পত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমতিও পাওয়া গেছে। তিনি জানান, ভাস্কর্য স্থাপনের নির্ধারিত স্থান পরিদর্শনে বৃহস্পতিবার জেলা পরিষদে আসেন ঢাকার একটি প্রতিনিধি দল। তারা বঙ্গবন্ধুর একটি প্রতীকী ভাস্কর্য নিয়ে এসেছিলেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যটির উচ্চতা হবে ১৮ ফুট। উন্নতমানের পাথর দিয়ে তৈরা করা হবে ভাস্কর্যটি। এটি স্থাপনে ব্যয় হবে ৩০ লাখ টাকা। জেলা পরিষদের অর্থায়নে খুব শিগগিরই ভাস্কর্যটি স্থাপন কার্যক্রম সম্পন্ন হবে বলেও জানিয়েছেন জেলা প্রশাসক আলতাফ হোসেন ভুলু।






















