কুষ্টিয়ায় ‘মাদক প্রতিরোধ কমিটি’ নামে সংগঠনের আত্মপ্রকাশ

0
2078

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: ভয়াবহ মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে কুষ্টিয়ায় ‘মাদক প্রতিরোধ কমিটি’ নামে সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। শনিবার সকালে শহরের পুনাক ফুড পার্কের পার্টি অফিসে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের স্বপ্নদ্রষ্টা সাংবাদিক হাসিবুর রহমান রিজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত সহকারী পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ তাপস কুমার সরকার, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইমলাম বিপ্লব, সাংবাদিক হাসিবুর রহমান রিজু সোহেল রানা ও সমাজসেবক আলিমুল হক সনজু প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক হচ্ছে সামাজিক ক্যান্সার। মাদকের মতো সামাজিক ব্যাধি সমাজকে তিলে তিলে শেষ করে দেয়, ধ্বংস করে দেয়। এই মাদককে না বলে এই মরণ ব্যাধিকে আমাদের শিকড় থেকে তুলে ফেলতে হবে। আর তাই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হলে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে মাদক বিরোধী উচ্ছেদ অভিযানে অংশগ্রহণ করতে হবে।বক্তারা আরও বলেন, অপরাধীরা যতই শক্তিশালী হোক জেলাবাসীর জনগণ যদি একতাবদ্ধ হয়ে উচ্ছেদ অভিযান চালায়-শিকড় থেকে তাদের উচ্ছেদ করা সম্ভব হবে। আজকের এই পুর্নাঙ্গ কমিটির মাধ্যমে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানানো হয়। সভায় কমিটির সদস্যসহ শহরের বিভিন্ন শ্রেণী পেশার গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে সভাপতি, সোহেল রানাকে সাধারন সম্পাদক ও শাহরিয়ার ইমন রুবেলকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।