ফুয়েল সংকটে প্লেনটি বিধ্বস্ত হয়!

0
2449

গড়াইনিউজ২৪.কম:: জ্বালানি তেল ফুরিয়ে যাওয়ায় কলম্বিয়ায় ব্রাজিলের ক্লাব ফুটবল দলবাহী বিমাটি দুর্ঘটনায় পতিত হয়েছে বলে ধারণা করছেন তদন্তকারীরা। প্রাথমিকভাবে যাওয়া তথ্যগুলো এই দিকটিই নির্দেশ করছে বলে জানিয়েছেন তারা।মঙ্গলবার কলম্বিয়ার মেডেলিন শহরের কাছে ৮১ জন আরোহী নিয়ে বিমানটি বিধ্বস্ত হয়। এই ঘটনায় ৭৬ জনের প্রাণহানি হয়েছে। দুর্ঘটনার পর পর কারণ জানতে তদন্তও শুরু হয়। সেই বিমানের যাত্রীদের মধ্যে ছিল ব্রাজিলের শাপেকোয়েনস দল। কলম্বিয়ান ক্লাব অ্যাটলেটিকো ন্যাসিওনালের বিপক্ষে আজ সুদামেরিকানা কাপের ফাইনালের প্রথম লীগ খেলতে যাচ্ছিল শাপেকোয়েনস। খেলোয়াড় কর্মকর্তাদের সঙ্গে ছিলেন ২১জন সাংবাদিকও। তিনজন খেলোয়াড়, দুইজন ক্রু এবং একজন সাংবাদিক জীবিত রয়েছেন বলে জানিয়েছে কলম্বিয়া কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ‘ব্রিটিশ উড়োজাহাজ অভরো আরজে এইটি ফাইফ এর ভগ্নাংশ দেখে ধারণা করা হচ্ছে, জ্বালানি তেলের স্বল্পতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।’ জ্বালানি তেল স্বল্পতার সংকেত দিলে নিয়মানুযায়ী বিমানের উড্ডয়ন বন্ধ রাখতে হয়। বিভিন্ন কারণে এই স্বল্পতার সৃষ্টি হতে পারে। এর মধ্যে রয়েছে, তেল নিঃসরণ, বিমানের অভ্যন্তরে বরফের জমাট, তেল মাপার যন্ত্র বিকল অথবা কর্মকর্তাদের অবহেলা। কলম্বিয়ার বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক আলফ্রেডো বোকানিগ্রা জানান, যদিও প্রাথমিক তদন্তে বলা হচ্ছে তেলের স্বল্পতার কারণেই এই দুর্ঘটনা, তবে এটি এখনো নিশ্চিত নয়। এছাড়া তেল কম থাকার কারণ হিসেবে তদন্তকারী কর্মকর্তারা মনে করছেন, গন্তব্যস্থল থেকে মাত্র পাঁচ মাইল দূরে ছিল বিমানটি।  কলম্বিয়ার বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বিমানের কারিগরি দিক নিয়ে বিস্তারিত আর কোন মন্তব্য করতে রাজি হয়নি। এয়ারলাইন রেটিং ডট কমের প্রধান সম্পাদক জেফরি থমাস বলেন, ‘আমরা জানতে পেরেছি তখন বিমানটি মাটি ছুঁয়েছে, তখনও সেখানে আগুনের ঘটনা ঘটেনি। এই কারণেই হয়তো হতভাগ্য ওই বিমান আরোহীদের মধ্যে কয়েকজনের বেঁচে যাওয়ার সৌভাগ্য হয়েছে।’ আকাশপথে নিরাপত্তা বিষয়ক তদন্তকারী কর্মকর্তা গ্র্যান্ট ব্রোফি বলেন, ‘বাণিজ্যিক বিমানের জ্বালানি স্বল্পতার কারণে দুর্ঘটনা খুবই বিরল ঘটনা। কারণ একটি বিমান উড্ডয়নের পূর্বে কয়েকদফায় সেটি তদারকি করা হয়। বিমানে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে, এটি নিশ্চিত হওয়ার পরেই কেবলমাত্র বিমান উড়ার অনুমতি দেয়া হয়।’