
গড়াইনিউজ২৪.কম:: আসন্ন ঈদ সামনে রেখে রাজধানীতে জালনোট চক্রের তিনটি গ্রুপ সক্রিয় জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম জানিয়েছেন, ওই চক্রটি প্রায় তিন কোটি টাকার জাল নোট বাজারে ছেড়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। মনিরুল ইসলাম বলেন, বিশেষ করে কোরবানির ঈদে রাজধানীসহ সারা দেশে জাল টাকার দৌরাত্ম্য বেড়ে যায়। জালনোট চক্রের সদস্যরা শুধু রাজধানীর পশুর হাট নয়, প্রত্যন্ত গ্রামের হাটগুলোকেও টার্গেট করছে। তিনি বলেন, রেজাউল করিম মুন্না নামে এক ব্যক্তির বাসা থেকে জালনোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। জালনোট তৈরি করে বিশেষ কায়দায় গরুর হাটে প্রথমে পাইকারি বিক্রেতা, তারপর খুচরা বিক্রেতা এবং পরে তা অন্য একটি চক্রের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারিত করছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, রাজধানীতে এখনো জাল নোট তৈরির তিনটি চক্র সক্রিয়। কিছুদিন আগে আমরা ৬০ লাখ টাকার জালনোট উদ্ধার করেছি। আর বৃহস্পতিবার রাতে উদ্ধার করা হয়েছে ৫২ লাখ টাকার জালনোট। তবে এদের দৌরাত্ম্য আগে থেকে কমে এসছে বলেও দাবি তার। এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর পল্টন ও কোতোয়ালি থানা এলাকা থেকে ৫২ লাখ টাকার জালনোটসহ ৮ জনকে আটক করা হয়। আটকরা হলেন- রেজাউল করিম মুন্না (২৬), আব্দুল কাদের (২৮), মো. লতিফ (২৫), মো. ফজর আলী (২৯), মো. মহরম মিয়া (৩৮), সুমি বেগম (২০), মো. বারেক (২৫), মো. সাদ্দাম (২৩)। অপরদিকে মহানগর গোয়েন্দা পুলিশ আলাদা অভিযানে ৩১ জন অজ্ঞান ও মলম পার্টির সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের মধ্যে ২১ জনকে ছয় মাস থেকে দু’বছর কারাদণ্ড দিয়েছেন ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।

























