স্বাভাবিক বৃষ্টিতে জাতীয় ঈদগাহে সমস্যা হবে না: খোকন

0
2172

গড়াইনিউজ২৪.কম:: অতি বর্ষণ না হলে জাতীয় ঈদগাহে ঈদের নামাজে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। রবিবার জাতীয় ঈদগাহের প্রস্তুতি দেখতে এসে তিনি সাংবাদিকদের একথা বলেন। মেয়র বলেন, ‘ঈদুল ফিতরের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন আছে। নরমাল বৃষ্টিতে কোনো সমস্যা হবে না।’ চাঁদ দেখা সাপেক্ষে আগামী বুধবার সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে বলে জানান মেয়র। তিনি বলেন, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়া হলে প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।’ বৃষ্টির কথা মাথায় রেখে ঈদগাহে সেইভাবে প্রস্তুতি নেয়া হয়েছে জানিয়ে মেয়র বলেন, ‘অতি বর্ষণ না হলে কোনো সমস্যা হবে না। এবার জাতীয় ঈদগাহ এক লাখ মুসল্লির নামাজের সুব্যবস্থা করা হয়েছে। এরমধ্যে পাঁচ হাজার নারী মুসল্লির ব্যবস্থা থাকবে।’ এদিকে ঈদের প্রধান জামায়াতের জন্য পুরো ঈদগাহে ত্রিপলসহ সামিয়ানা টাঙানো হয়েছে। লাগানো হয়েছে পর্যাপ্ত লাইট-ফ্যান। এক সঙ্গে ১৪০ জন মুসল্লি ওজু করতে পারবেন। প্রতি বছরের মতো এবারও জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি প্রধান বিচারপতিসহ ভিআইপি ব্যক্তিরা  নামাজ আদায় করবেন। নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মেয়র বলেন, আপনারা ঈদের দিন সকালে জাতীয় ঈদগাহে চলে আসুন। ঈদগাহে প্রবেশ করতে যেন দীর্ঘ সময় অপেক্ষা করতে না হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়ে মেয়র বলেন, ‘পর্যাপ্ত গেট রাখতে বলা হয়েছে। কেউ যেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।’ এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।