সাদা পোশাকে ফিরছেন মাশরাফি!

0
2903

ঢাকা অফিস:: আবার সাদা পোশাকে দেখা যাবে মাশরাফি বিন মুর্তজাকে! বল করবেন লাল বলে! না, আশার সীমাটাকে এখনই টেস্ট ক্রিকেট পর্যন্ত নিয়ে যাবেন না। তবে জাতীয় দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক পরিকল্পনা করছেন আসন্ন বিসিএলে খেলার। আগামী ২০ সেপ্টেম্বর ​থেকে শুরু হতে যাওয়া ফ্র্যাঞ্চাইজি–ভিত্তিক প্রথম শ্রেণির ক্রিকেটের এই আসরে তিনি খেলতে পারেন ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে।
মুঠোফোনে আজ মাশরাফিই জানালেন তাঁর পরিকল্পনার কথা, ‘মূলত দীর্ঘ পরিসরের ক্রিকেটের প্র্যাকটিস করার জন্যই বিসিএলে কয়েকটি ম্যাচ খেলতে চাইছি। টেস্টে কবে ফিরব, সেই চিন্তা এখনই করছি না। তবে চাচ্ছি অন্তত চার দিনের ম্যাচ খেলার ফিটনেসটা রাখতে।’ খুলনা বিভাগের ক্রিকেটার বলে এমনিতে মাশরাফির খেলার কথা প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের হয়ে। কিন্তু তাঁকে জায়গা দিতে দক্ষিণাঞ্চলকে দল থেকে একজন ব্যাটসম্যান ছেঁটে ফেলতে হতে পারে, যেটা মাশরাফি চাইছেন না। পূর্বাঞ্চলের ​হয়ে খেলার ইচ্ছা সে কারণেই। এর আগে হওয়া বিসিএলের তিন আসরের একটিতে​ই খেলেছেন মাশরাফি। ২০১৪ সালের সেই বি​সিএলেও তিনি খেলেছেন দক্ষিণাঞ্চলের হয়ে।

মাশরাফির দীর্ঘ পরিসরের ক্রিকেটে ফেরার ইচ্ছার প্রতি সম্মান দেখাচ্ছেন নির্বাচকেরাও। ১০ আগস্ট ফ্র্যাঞ্চাইজি প্রতিনিধিদের সঙ্গে নির্বাচক কমিটির সভায় এ নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা। বিসিএলে সাধারণত জাতীয় লিগের সেরা খেলোয়াড়দেরই খেলার সুযোগ দেওয়া হয়। তবে এবার নিয়মের কিছু ব্যত্যয় ঘটতে পারে। ​একে তো মাশরাফি গতবারের জাতীয় লিগে খেলেননি, তার ওপর জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে চাইছেন হাই পারফরম্যান্স ইউনিট ও কন্ডিশনিং ক্যাম্পের ৩০ ক্রিকেটারের মধ্য থেকে যত বেশি সম্ভব খেলোয়াড়কে বিসিএলে খেলার সুযোগ দিতে। মাশরাফির সঙ্গে তাই পেসার হান্টের আবিষ্কার ইবাদত হোসেন চৌধুরীকেও খেলোয়াড় তালিকায় রাখার কথা ভাবছেন নির্বাচকেরা।
২০০৯-এর ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্টেই চোটে পড়ে দীর্ঘ পরিসরের ক্রিকেট থেকে ছিটকে যান মাশরাফি। এরপর গত সাত বছরে দীর্ঘ পরিসরের ম্যাচ ​খেলেছেন মাত্র চারটি এবং সবই চার দিনের। ২০১০ ও ২০১২-এর জাতীয় লিগে একটি করে ম্যাচ খেলার পর ২০১৪ সালের বিসিএল ও জাতীয় লিগে খেলেন আরও দুটি ম্যাচ। সর্বশেষ ২০১৪-এর জাতীয় লিগে খুলনার হয়ে মাঠে নেমেছিলেন বরিশালের বিপক্ষে। প্রথম ইনিংসে ৩৫ রানে ২ উইকেট পেলেও বল করেননি দ্বিতীয় ইনিংসে।