
গড়াইনিউজ২৪.কম:: বাংলাদেশের কন্ডিশন ও খেলার অবস্থা অনুযায়ী মানিয়ে আগ্রাসী কিংবা রক্ষণাত্মক খেলবে ইংল্যান্ড। রবিবার বাংলাদেশে আসার পরে প্রথম সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক জস বাটলার। বাটলার চতুর্থবারের মতো বাংলাদেশ সফরে এসেছেন। প্রথম এসেছিলেন অনুর্ধ্ব-১৯ দলের হয়ে ২০০৯ সালে। এরপর ২০১২ সালে এসেছিলেন ইংল্যান্ড লায়নসের হয়ে এবং ইংল্যান্ডের মূল দলের সঙ্গে এসেছিলেন ২০১৪ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে। বাংলাদেশের কন্ডিশনে ব্যাটিংয়ে ম্যাচ অনুযায়ী উন্নতি করবেন উল্লেখ করে বাটলার বলেন, আমাদের খেলোয়াড়দের জন্য এই সফর একটা ভালো চ্যালেঞ্জ। গত শীতে আমরা দুবাইয়ে এই ধরণের উইকেটে খেলেছি এবং আমরা ভালো করেছি। আমাদের এই কন্ডিশনে মানিয়ে নিতে হবে এবং সব কন্ডিশনে জিততে হবে। আমরা আক্রমণাত্মক খেলতে চাই এবং যত দ্রুত সম্ভব রান তুলতে চাই, কিন্তু কন্ডিশনই আমাদের খেলার ধরণটা ঠিক করে দেবে।
ঘরের মাটিতে টানা ছয়টি ওয়ানডে ম্যাচ জেতা বাংলাদেশের বিপক্ষে চ্যালেঞ্জটা অনেক বড় হবে উল্লেখ করে বাটলার বলেন. আমরা একটি আত্মবিশ্বাসী দলের সঙ্গে তাদের কন্ডিশনে খেলবো। বাংলাদেশের স্পিনাররা বেশ ভালো করছে। আমাদের এই কন্ডিশনে মানিয়ে নিতে প্রস্তুত। আমরা তরুণ ও অ্যাথলেটিক একটা দল, তাই আমরা চাইবো যাতে এমনভাবেই আমরা খেলতে পারি। ক্রিকইনফো।

























