তাজিয়া মিছিলে ছুরি বল্লম দা-তলোয়ার নিষিদ্ধ : ডিএমপি কমিশনার

0
2232
গড়াইনিউজ২৪.কম:: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, আসন্ন মহররম মাসের মিছিলগুলোতে ছুরি, বল্লম, দা ও তলোয়ারের ব্যবহার করা যাবেনা। র্নিদিষ্ট সময়ের মধ্যে তাজিয়া মিছিল শেষ করতে হবে। সবার নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাজিয়া মিছিল সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, ধর্ম যার যার – উৎসব সবার । ধর্মীয় উৎসব সবাই করবে, এর নিরাপত্তা দিতে রাষ্ট্র বদ্ধ পরিকর বিধায় পুলিশ সকল ধর্মীয় উৎসবে নিরাপত্তা দিয়ে আসছে।  রবিবার ডিএমপি সদর দফতরে পবিত্র মহররম মাসের আশুরা উদযাপন ও তাজিয়া মিছিল উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয় সভায় তিনি একথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, হোসনি দালান, কারবালা, বিবি-কারওজাসহ রাজধানীর যেখানে আশুরার অনুষ্ঠান হয়, সেখানে সিসিটিভি স্থাপন করতে হবে, প্রবেশমুখে আর্চওয়ে স্থাপন করে পুলিশ ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে হ্যান্ডমেটাল ডিটেক্টর দিয়ে চেক করে সবাইকে প্রবেশ করাতে হবে। কোনো ক্রমেই কাউকে ব্যাগ, টিফিন বক্স, প্রেসার কুকার নিয়ে ভিতরে প্রবেশ করতে দেয়া যাবে না। পাইকরা দৌড়ে সরাসরি অনুষ্ঠানের ভিতরে প্রবেশ করতে পারবে না এবং ছুরি, বল্লম, দা ও তলোয়ার নিয়ে মিছিল করতে পারবে না।
হোসনি দালান থেকে বের হওয়া মিছিলটিতে অতীতে দা, কাঁচি, ছুরি বল্লম এবং শিকল দিয়ে বেঁধে বের হতো পাইকরা।
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, নিরাপত্তার জন্য কোনো ছাড় দেয়া যাবে না। নিরাপত্তার স্বার্থে রাজধানীর জন্য নির্ধারিত রুটে নির্দিষ্ট সময়ের মধ্যে তাজিয়া মিছিল শেষ করতে হবে। এক এলাকার মিছিল নিয়ে অন্য এলাকায় যাওয়া যাবে না। মিছিলে নিশান, পাঞ্জা ব্যবহারের জন্য ১২ ফিটের বেশি উচ্চতা বিশিষ্ট কোনো লাঠি বা বাঁশ ব্যবহার করা যাবে না। কোনো প্রকার আতশবাজি ও পটকা ফোটানো যাবে না।
প্রত্যেক মিছিলে এবং অনুষ্ঠানে অবশ্যই পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে এবং প্রত্যেককে আর্মব্যান্ড বা কটি বা জ্যাকেট দিয়ে চিহ্নিত করতে হবে, যাতে সহজেই তাদের চেনা যায়। তারা মিছিলে বহিরাগতদের চিহ্নিত করে তাদের অনুপ্রবেশ বন্ধে কাজ করবে বলে জানান কমিশনার।
সমন্বয় সভায় উপস্থিত ছিলেন রাজধানীর বিভিন্ন এলাকার আশুরা উৎসব সংক্রান্ত কমিটির প্রতিনিধি, ডিজিএফআই, এসবি, পুলিশ সদর দফতর, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের প্রতিনিধিসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।