জঙ্গিবাদ প্রতিরোধের অঙ্গীকার থাকবে আ.লীগের কাউন্সিলে

0
1440

গড়াইনিউজ২৪.কম:: আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের স্লোগান চূড়ান্ত হয়েছে। ‘সম্মেলনের অঙ্গীকার, রুখতে হবে জঙ্গিবাদ’ এই স্লোগানে আগামী ২২-২৩ অক্টোবর দলটির ২০তম কাউন্সিল অনুষ্ঠিত হবে। ঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত বৈঠকে এই স্লোগান চূড়ান্ত হয়। বৈঠকে উপস্থিত নেতারা জানিয়েছেন, আজকের বৈঠকের মূল এজেন্ডাই ছিল আগামী জাতীয় সম্মেলন। বৈঠকে সম্মেলন উপলক্ষে গঠিত উপ-কমিটির সদস্যরা তাদের রিপোর্ট পেশ করেন। পরে এ রিপোর্টের ভিত্তিতে আলোচনায় অংশ নেন উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, অনুপম সেন, আব্দুল খালেক প্রমুখ।
বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, আগামী জাতীয় সম্মেলনে ৮১ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রস্তাব করা হতে পারে। সম্মেলনে আগত ডেলিগেটদের ভোটে পাস হলেই বিষয়টি গঠনতন্ত্রে যোগ করা হবে। আগামী ২২-২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
বাড়ছে কমিটির কলেবর নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা  বলেন, বৈঠকে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত গঠনতন্ত্র উপ-পরিষদের আহ্বায়ক ও কৃষিবিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক গঠনতন্ত্র উপ-পরিষদের বিগত বৈঠকে উঠে আসা প্রস্তাব উত্থাপন করেন। এ সময় তিনি দলীয় সভাপতির উদ্দেশ্যে বলেন, ‘আমাদের বৈঠকে দলের কার্যনির্বাহী সংসদের আকার বাড়ানোর জন্য অনেকই প্রস্তাব করেছেন।’ আব্দুর রাজ্জাকের এ বক্তব্যের উত্তরে দলীয় সভাপতি শেখ হাসিনা বলেন, ‘বিষয়টি আমিও চিন্তা করছি।’ পরে শেখ হাসিনা উপস্থিত নেতাদের মতামত জানতে চান। বেশির ভাগই নেতাই ৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটির পক্ষে মতামত দেন। সম্পাদকমণ্ডলীর পাঁচজন সদস্য জানান, ৮১ সদস্যের নতুন কমিটিতে সভাপতিমণ্ডলীর সদস্য সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ ১৯ সদস্যের হতে পারে, যা বর্তমানে ১৫ সদস্যের। যুগ্ম সাধারণ সম্পাদক তিন থেকে বেড়ে পাঁচ সদস্য। ময়মনসিংহ নতুন বিভাগ হওয়ায় বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের পদ একটি বাড়ছে বিষয়টি একপ্রকারে নিশ্চিত। এছাড়াও ফরিদপুর এবং কুমিল্লা যেহেতু নতুন বিভাগের পরিকল্পনা রয়েছে সরকারের তাই সাংগঠনিক সম্পাদক পদ ১০টি হতে পারে। শুধু কেন্দ্রীয় নয় তৃণমূলে ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের কমিটির আকার বাড়বে। নেতারা জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী বাচাইয়ে প্রক্রিয়াও গঠনতন্ত্রে যোগ হবে। এখানে তৃণমূল থেকে পাঠানো সুপারিশ অনুমোদন করবে কেন্দ্রীয় স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে আজকের বৈঠকে। বিষয়টি গঠনতন্ত্রে পরিবর্তনের সুপারিশ করা হবে জাতীয় সম্মেলনে।
ঘোষণাপত্রে পরিবর্তন
নেতারা জানান, শুধু গঠনতন্ত্র নয় পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে দলের ঘোষণাপত্রেও। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার সরকারের যে পরিকল্পনা রয়েছে সেই বিষয়টিও যোগ করা হবে ঘোষণাপত্রে। এছাড়াও পদ্মা সেতুসহ সরকার ঘোষিত বিভিন্ন মেগা প্রকল্পের বিষয়টিও যোগ করা হবে ঘোষণাপত্রে।
দলীয় অ্যাপস তৈরি
বৈঠক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের যোগাযোগের সুবিধার জন্য একটি অ্যাপস তৈরির সিদ্ধান্ত নেয়া হয়েছে আজকের বৈঠকে। যা জাতীয় সম্মেলনেই উদ্বোধন করা হতে পারে।