রাজধানীর জলাবদ্ধতা সরকারের মেগা উন্নয়নের ফল : ফখরুল

0
548

ঢাকা অফিস, গড়াইনিউজ২৪.কম:: বৃষ্টিপাতে রাজধানীসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সৃষ্ট জলাবদ্ধতা সরকারের মেগা উন্নয়নের ফল বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার সকালে মতিঝিলে দৈনিক নয়া দিগন্তের কার্যালয়ে পত্রিকাটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।

তিনি বলেন, অনেক কষ্ট করে এখানে এসেছি। আপনারা জানেন, আজকে উত্তরার রাস্তা বন্ধ হয়ে গেছে। ডিএমপি কমিশনার একটা সার্কুলার দিয়েছেন যে, এই সড়কটা ব্যবহার না করার জন্য। গতকাল ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ফলে যে বৃষ্টিপাত হয়েছে এয়ারপোর্ট থেকে গাজীপুর পর্যন্ত এই রাস্তাটি আর চলাচলের উপযোগী নয়।

ফখরুল বলেন, বেশ কিছুদিন ধরে এই রাস্তাটার কথা আমি বলে আসছি। এই যে মেগা প্রজেক্ট, মেগা উন্নয়ন তার একটা ফলশ্রুতি, সেজন্য আজকে এ অবস্থা। কথাটা এ জন্য বললাম যে, আজকে এ (জলাবদ্ধতা) বর্তমান অবস্থা সৃষ্টি হয়েছে এই তাদের মেগা উন্নয়নের কারণেই। উত্তরার বাসায় কীভাবে যাবেন তা নিয়ে নিজের দুচিন্তার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, আমি জানি না আমি এখন ফিরব কি করে। তারপর ধরে নিচ্ছি, অন্য বিকল্প রাস্তা বের করে ফিরতে হবে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঢাকা-মহাসড়কের গাজীপুর অংশে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় রাজধানীর খিলক্ষেত, উত্তরা-বিমানবন্দর এলাকায় দেখা দিয়েছে যানজট। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জরুরি প্রয়োজন ছাড়া উত্তরা যাওয়ার পথ ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে।

দেশের বর্তমান অবস্থা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, আমরা একটা নষ্ট সময়, একটা ভয়ঙ্কর সময় অতিক্রম করছি। আমার কাছে আজকে বিস্ময় মনে হয়। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে আমরা সরাসরি জড়িত ছিলাম। তখন কি আমরা যুদ্ধ করেছিলাম মানুষের অধিকারগুলোকে কেড়ে নেব, তার ভোটের অধিকার কেড়ে নেব, তার কথা বলার অধিকার কেড়ে নেব, এই যে সাংবাদিক ভাইয়েরা সবাই বসে আছেন তাদের লেখার অধিকার কেড়ে নেব এ জন্য? তিনি বলেন, দুর্ভাগ্য আমাদের, ১৯৭৫ সালের সেই অবস্থা আমাদেরকে আপনার পার হতে হয়েছে, একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্য দিয়ে ওই একাত্তরের চেতনাকে তারা বাস্তবায়িত করেছে, একদলীয় শাসন ব্যবস্থায় পত্রিকা বন্ধ করে দিয়ে তারা স্বাধীনতার চেতনা বাস্তবায়িত করেছে। আজকে আবার একইভাবে তারা এই স্বাধীনতার কথা বলে, মুক্তিযুদ্ধে কথা বলে তারা মানুষের অধিকারগুলোকে পুরোপুরিভাবে কেড়ে নিচ্ছে। তিনি আরও বলেন, এই সময়টা আমাদের অত্যন্ত ধৈর্যের সঙ্গে, অত্যন্ত সাহসের সঙ্গে অতিক্রম করতে হবে এবং আমাদের জয়লাভ করতে হবে।