বাংলাদেশের উন্নয়নকে ‘অসাধারণ গল্প’ বললেন কেরি

0
1392

গড়াইনিউজ২৪.কম:: ৯ ঘণ্টার ঝটিকা সফরে এসে ঢাকা মাতিয়ে গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এই সফর নিয়ে তিনি উচ্ছ্বসিত। সেটা প্রকাশ করেছেন টুইটারে। এক টুইট বার্তায় কেরি বাংলাদেশের উন্নয়নকে ‘অসাধারণ গল্প’ বলে আখ্যায়িত করেছেন। টুইটারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে করমর্দনের এক ছবি পোস্ট করে  কেরি লিখেছেন, ‘বাংলাদেশের রয়েছে উন্নয়নের অসাধারণ এক গল্প। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ সাক্ষাৎ করে আমি আনন্দিত।’ আরেক টুইট বার্তায় কেরি লিখেছেন, ‘নিরাপত্তা ইস্যু এবং সহিংস কট্টরপন্থার বিরুদ্ধে আমাদের দৃঢ় সহযোগিতার বিষয়সহ বাংলাদেশে আজ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।’ শেখ হাসিনার সাথে সাক্ষাৎ ছাড়াও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও বৈঠক করেছেন। পাশাপাশি ঢাকার এডওয়ার্ড কেনেডি সেন্টারে তিনি নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও কথাবর্তা বলেছেন। সন্ধ্যায় তিনি নয়া দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়েন।