
গড়াইনিউজ২৪.কম:: আঙুলের ইনজুরিতে আহত তামিম ইকবাল বলছেন, দ্রুততম সময়ের মধ্যে তিনি মাঠে ফিরবেন। তামিম আশাবাদী, আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজের আগেই সুস্থ হয়ে উঠবেন। শনিবার অনুশীলনের সময় আঙুলে ব্যথা পান। রবিবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু সাংবাদিকদের এই তথ্য জানান। পরে তামিমও কথা বলেন। তামিম বলেন, ‘সুস্থ হতে ৩ সপ্তাহ লাগলেও সর্বোচ্চ ১৮-২০ তারিখ পর্যন্ত বাইরে থাকব। আশা করছি, আফগানিস্তান সিরিজেই খেলতে পারব।’ ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড। তার আগে আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে একটা সিরিজের কথা শোনা যাচ্ছে। বিসিবি সূত্রে জানা গেছে, এক্সরে রিপোর্টে তামিমের বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে চিড় ধরা পড়েছে। কমপক্ষে দুই সপ্তাহ তিনি ব্যাট হাতে নিতে পারবেন না। পুরোপুরি সুস্থ হতে আরো কিছুদিন লেগে যাবে।

























