কুষ্টিয়ায় দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

0
2427

কুষ্টিয়া প্রতিনিধি, গড়াইনিউজ২৪.কম:: সমাজসেবা অধিদফতরের আর্থিক সহায়তা কর্মসুচির আওতায় কুষ্টিয়ায় ক্যান্সার কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসিস ও জন্মগত হৃদরোগে আক্রান্ত্র রোগীদের মাঝে ২৪ লাখ টাকার চেক বিতরন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদফতরের আয়োজনে রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহর সমাজসেবার অন্তর্ভুক্ত ১২ জন হতদরিদ্র রোগীদের মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক দেয়া হয়। জেলা সমাজসেবা অধিদফতরের উপ পরিচালক রোখসানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জহির রায়হান রোগী ও রোগীর স্বজনদের হাতে এ চেক তুলে দেন। এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জহির রায়হান বলেন, অর্থের অভাবে ক্যান্সার, কিডনী এবং লিভার সিরোসিস রোগে আক্রান্ত রোগীরা ধুঁকে ধুঁকে মারা যায়। ফলে তার পরিবার সেই রোগীর চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে নিঃস্ব হয়ে পড়ে। আর তাই বর্তমান সরকার জনগনের পাশে থাকার জন্য প্রান্তিক অসচ্ছল মানুষের জন্য চিকিৎসা সেবার হাত বাড়িয়ে দিয়েছেন। প্রত্যেক রোগীদের মাঝে এককালীন ৫০ হাজার টাকা তার চিকিৎসার জন্য তুলে দিতে পারছেন। যাতে করে সেই রোগী চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে পারেন। এ সময় পুলিশ সুপার প্রলয় চিসিম, অতিরিক্ত জেরা প্রশাসক (সার্বিক) মুজিব উল ফেরদৌস, স্থানীয় সরকারের উপপরিচালক আনারকলি মাহবুব, জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুন্সী মোঃ মনিরুজ্জামান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা খাতুন, শহর সমাজসেবা অফিসার কেকেএম ফজলে রাব্বীসহ বিভিন্ন সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা সমাজসেবা অধিদফতরের উপ পরিচালক রোখসানা পারভীন জানান, ২০১৬-১৭ অর্থ বছরে প্রথম পর্যায়ে কুষ্টিয়া জেলায় মোট ৪৮ জন ক্যান্সার কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসিস জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগীদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দিয়েছে।