প্রকাশ্যে টাকা দিয়ে ভোট চাওয়া প্রার্থী রেজাউল হক চৌধুরীকে শোকজ!

0
364
ছবি : মেসেঞ্জার

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রকাশ্যে টাকা দিয়ে ভোট চাওয়ায় কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) রেজাউল হক চৌধুরীকে শোকজ করা হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকালে তাকে শোকজ করা হয়। নির্বাচনী অনুসন্ধান কমিটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন । কুষ্টিয়া-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আসাফ-উদ দৌলা আগামী সোমবার (১ জানুয়ারি) সকালে রেজাউল চৌধুরীকে স্বশরীরে আদালতে হাজির হয়ে শোকজের জবাব দিতে বলেছেন।

নির্বাচনী অনুসন্ধান কমিটি সূত্রে জানা গেছে, সাবেক সংসদ সদস্য, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) রেজাউল হক চৌধুরী দৌলতপুর উপজেলা বাজারে টাকা বিতরণ করেন এবং ভোট চান। এ বিষয়ে সংবাদ মাধ্যমে একটি নিউজ প্রকাশিত হয়। টাকা বিতরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ নিয়ে নানা সমালোচনা চলছে। এ বিষয়ে সাবেক সংসদ সদস্য প্রয়াত আফাজ উদ্দিন আহমেদের জ্যেষ্ঠপুত্র ও স্বতন্ত্র প্রার্থী  নাজমুল হুদা পটল নির্বাচন অনুসন্ধান কমিটিকে লিখিত অভিযোগ করেন। যা ২০০৮ এর নির্বাচনী আচরণবিধি ১৪ এর লঙ্ঘন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দৌলতপুর উপজেলা বাজারে স্বতন্ত্র প্রার্থী রেজাউল হক চৌধুরী ভোটারদের কাছে লিফলেট ও টাকা বিতরণ করছে। নিজের পকেট থেকে টাকা বের করে, লিফলেটের সঙ্গে টাকা দিচ্ছেন তিনি। এ সময় ট্রাক মার্কায় ভোট দিতে বলেন তিনি। তার কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে কথা বলার জন্য কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) রেজাউল হক চৌধুরীর মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেন নি।