বাংলাদেশ-ব্রুনাইয়ের মধ্যে ১ চুক্তি ও ৩ সমঝোতা সই

0
632
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সুলতান হাসানাল বলকিয়াহর বৈঠক। ছবি: ফোকাস বাংলা

ঢাকা অফিস, গড়াইনিউজ২৪.কম:: বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে একটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক সই হয়েছে। রোববার (১৬ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশে সফররত ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহর উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। প্রধানমন্ত্রী ও সুলতানের উপস্থিতিতে মোট চারটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। এগুলো হচ্ছে—বিমান চলাচল চুক্তি, বাংলাদেশি কর্মী নিয়োগ সংক্রান্ত সমঝোতা স্মারক, নাবিকদের সনদ স্বীকৃতি সংক্রান্ত সমঝোতা স্মারক এবং দুদেশের মধ্যে গ্যাস ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক। তিন দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার দুপুরে ঢাকায় পৌঁছান ব্রুনাইয়ের সুলতান বলকিয়াহ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে ফুল দিয়ে বাংলাদেশে স্বাগত জানান। বিমানবন্দর থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধ গিয়ে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সুলতান। পরে ধানমণ্ডি ৩২ নম্বরে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। শনিবার রাতে তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেওয়া নৈশভোজে অংশ নেন। সোমবার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তার।