
জান্নাতুল ফেরদৌস প্রিয়ন্তী, গড়াইনিউজ ২৪.কম: করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ছয় ইউনিয়নে সর্বাত্মক লকডাউন চলছে। শনিবার সকাল থেকে শুরু হয়ে লকডাউন ১১ জুন (শুক্রবার) রাত ১২টা পর্যন্ত চলবে। এর আগে করোনায় অধিক সংক্রমণে নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার নোয়ান্নই, কাদিরহানিফ, বিনোদপুর, অশ্বদিয়া, নেওয়াজপুর ও নোয়াখালী ইউনিয়নে সাত দিনের লকডাউন ঘোষণা করা হয়। লকডাউনে শহরে দোকানপাট ও মানুষের চলাচল অন্যান্য দিনের চেয়ে কিছুটা কম দেখা গেছে। তবে বেলা বাড়ার সাথে সাথে মানুষের সমাগম বাড়তে শুরু করলেও বৃষ্টির কারণে তা আবার কমে যায়। নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ছয় ইউনিয়নে ফার্মেসি ছাড়া সকল দোকানপাট বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাঁচাবাজার খোলা থাকবে এবং শর্তসাপেক্ষে খোলা থাকবে খাবার হোটেল। তবে হোটেলে বসে খাবার খাওয়া যাবে না। সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহানা জাহান উপমা বলেন, ঘোষিত লকডাউন বাস্তবায়নে ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে নোয়াখালী শহরে দুটি ও ইউনিয়নগুলোতে আরও তিনটি মোবাইল টিম কাজ করছে। লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের নির্দেশ দেয়া হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান জানিয়েছেন, লকডাউনের সাতদিন কর্মহীন অসহায় দরিদ্রদের বিষয়টি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

























